অসম রাইফেলসের অভিযানে মিলল রাইফেল, পিস্তল ও আইইডি

মণিপুরে ফের অস্ত্র উদ্ধার, অসম রাইফেলসের অভিযানে মিলল রাইফেল, পিস্তল ও আইইডি ইম্ফল, ২৩ অক্টোবর: মণিপুরের ইম্ফল ইষ্টের ফাইলেংকট এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে অসম রাইফেলস। শুক্রবার ‘অপারেশন খোইবীন’-এর অধীনে পরিচালিত অভিযানে একটি .২২ রাইফেল, ম্যাগাজিন-সহ একটি সিএমজি, ম্যাগাজিন-সহ জাপানে তৈরি একটি পিস্তল এবং সন্দেহভাজন একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অস্ত্রগুলির পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ, ম্যাগাজিন ও অন্যান্য সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আরও অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর সুনুরক হিলে হামলার ঘটনায় তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন। ওই ঘটনার পর থেকেই ফাইলেংকট ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি এবং গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযান জোরদার করা হয়েছে। এর আগে মণিপুর পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছিল। পাশাপাশি বিভিন্ন অভিযানে ১২টি আগ্নেয়াস্ত্র, ১,০৯৫ রাউন্ড গোলাবারুদ, বিস্ফোরক এবং অন্যান্য সামগ্রী উদ্ধারের খবরও প্রকাশ্যে আসে। সুনুরক হিল হামলার সঙ্গে ধৃতদের যোগসূত্র এবং ঘটনায় আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। সাম্প্রতিক অস্ত্র উদ্ধারের ঘটনাও মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

চিনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, মৃত অন্তত ১৬, আহত বহু

চিনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, মৃত অন্তত ১৬, আহত বহু   ৭.০ মাত্রার কম্পনে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, উদ্ধারকাজে ১,৬০০-রও বেশি কর্মী মোতায়েন ২৩ অক্টোবর:* চিনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিট নাগাদ নাগকু শহরের বাকেন কাউন্টি এলাকায় ৭.০ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের জেরে বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক বাড়ি ও পশুপালনের ঘর ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাগকু শহরের উত্তর-পূর্ব দিকে প্রায় ১৯১ কিলোমিটার দূরে। ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক উদ্ধার ও ত্রাণ অভিযান শুরু করে প্রশাসন। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধসে পড়েছে। পাশাপাশি ২০টি পশুপালনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতদের সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে কিছুটা পার্থক্য রয়েছে; উদ্ধারকাজ চলার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা পরিবর্তিত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ১,৬০০-রও বেশি উদ্ধারকর্মীকে কাজে নামানো হয়েছে। দুর্গতদের জন্য তাঁবু, শয্যা, খাদ্যসামগ্রী এবং অন্যান্য জরুরি সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে। ভূমিকম্পের ফলে কয়েকটি এলাকায় যোগাযোগ ও সড়ক চলাচল ব্যাহত হওয়ার খবরও সামনে এসেছে। কোথাও কোথাও ভূমিধসের কারণে যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। ভূমিকম্প-পরবর্তী কম্পনের আশঙ্কা এবং প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও পাওয়া যায়নি।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে প্রায় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার এক

নতুনবাজারে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ৩ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে প্রায় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার এক শিলচর–আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কের নতুনবাজার ক্লেভার হাউস বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। বুধবার সন্ধ্যায় একটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদক উদ্ধারের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, নতুনবাজার থেকে বাইপাসে উঠে ডিভাইডার পার হয়ে শিলচরের দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন নরসিংপুরের শালগঙ্গা গ্রামের বাসিন্দা সেনাকর্মী রৌশন কুমার নাথ ও তাঁর স্ত্রী। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে থাকা বিশ্বজিৎ রবিদাস নামে এক ব্যক্তিকে ধাক্কা দিলে তিনিও গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকেও আটক করেন তাঁরা। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালানোর পর মাদকজাতীয় দ্রব্যের সন্ধান মেলে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধলাই থানার পুলিশ। পুলিশ গাড়ি থেকে প্রায় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে বলে সূত্রের দাবি। এই ঘটনায় ধলাইয়ের হাওয়াথাং এলাকার বাসিন্দা ইসলামুল হককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। একদিকে ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের গুরুতর আহত হওয়া, অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় নতুনবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচারের সঙ্গে কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।  

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যুক্ত ছিলেন না, আদালতে দাবি AISA নেত্রী নেহা বরার

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যুক্ত ছিলেন না, আদালতে দাবি AISA নেত্রী নেহা বরার   শান্তি বজায় রাখার জন্য ১০ হাজার টাকার বন্ড দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ; দিল্লি হাইকোর্টে শুনানির পর রায় সংরক্ষিত নয়াদিল্লি, ২২ অক্টোবর: দিল্লিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র বিক্ষোভকে কেন্দ্র করে আটক হওয়া এবং পরে শান্তি বজায় রাখার বন্ড সংক্রান্ত নোটিস পাওয়ার ঘটনায় আইনি লড়াই আরও জোরদার হয়েছে। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সর্বভারতীয় সভাপতি নেহা বরা দিল্লি হাইকোর্টে দাবি করেছেন, ১৬ অক্টোবর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে CJP-র পৃথক বিক্ষোভের ডাকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। তাঁর বক্তব্য, তিনি মাণ্ডি হাউসে শান্তিপূর্ণ জমায়েতের ডাক দিয়েছিলেন। কীভাবে শুরু বিতর্ক? প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৪ অক্টোবর CJP-র নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয়। এরপর CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ১৬ অক্টোবর ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দেন। ওই দিন মাণ্ডি হাউস থেকে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় নেহা বরাকে আটক করে পুলিশ। পরদিন, ১৭ অক্টোবর সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। নেহার অভিযোগ, তাঁকে আটক করার পর রাতভর হেফাজতে রাখা হয়েছিল। পরে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাঁকে শান্তি বজায় রাখার জন্য ব্যক্তিগত বন্ড দেওয়ার নোটিস পাঠানো হয়। ১০ হাজারের বন্ড নিয়ে আদালতে প্রশ্ন নেহা বরার আবেদন অনুযায়ী, ১৭ অক্টোবর স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (SEM) ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১২৬ ও ১৩০ ধারার অধীনে তাঁকে নোটিস দেন। নোটিসে তদন্ত চলাকালীন শান্তি বজায় রাখার জন্য ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের সঙ্গে একজন জামিনদার দেওয়ার নির্দেশের বিষয়টি উল্লেখ করা হয়। নেহার আইনজীবীদের বক্তব্য, নোটিসে শান্তিভঙ্গের আশঙ্কার পক্ষে পর্যাপ্ত তথ্য নেই। কোন নির্দিষ্ট সময়, ঘটনা বা পরিস্থিতিতে শান্তিভঙ্গের আশঙ্কা করা হচ্ছে, তা-ও স্পষ্টভাবে জানানো হয়নি বলে তাঁদের দাবি। আবেদনকারীর মতে, শান্তিপূর্ণ প্রতিবাদকে কেন্দ্র করে এ ধরনের পদক্ষেপ বাক্‌স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করতে পারে। শুনানিতে কী বলল আদালত? ২২ অক্টোবর বিচারপতি সুব্রহ্মণিয়ম প্রসাদের বেঞ্চে মামলাটির শুনানি হয়। নেহা বরার পক্ষে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন যুক্তি দেন, ম্যাজিস্ট্রেটের নোটিসটি যথাযথ বিচার-বিবেচনা ছাড়াই তৈরি করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই বন্ড দেওয়ার প্রয়োজনীয়তা ধরে নেওয়া যায় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আদালত রাজ্যপক্ষকে প্রশ্ন করে, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই বন্ডের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে কি না। শান্তি বজায় রাখার বন্ডের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোন তথ্যের ওপর নির্ভর করেছেন, তা-ও আদালত জানতে চায়। অন্যদিকে, রাজ্যপক্ষের আইনজীবীরা দাবি করেন, পুলিশি রিপোর্টে সাধারণ ডায়েরির একাধিক এন্ট্রি রয়েছে এবং নোটিস জারির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। নেহার বিরুদ্ধে একাধিক এফআইআরের প্রসঙ্গও আদালতে তোলা হয়। তবে এসব অভিযোগের ভিত্তিতে আদালত এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। শুনানি শেষে দিল্লি হাইকোর্ট রায় সংরক্ষিত রেখেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ২২ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, রায় ঘোষণার জন্য শুক্রবার, ২৩ অক্টোবরের কথা উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক ও আইনি তাৎপর্য নেহা বরা ও CJP-র কর্মসূচিকে ঘিরে ঘটনাটি এখন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতিরোধমূলক ক্ষমতার ব্যবহার নিয়ে বৃহত্তর বিতর্কের অংশ হয়ে উঠেছে। একদিকে পুলিশ শান্তিভঙ্গের আশঙ্কার কথা বলছে, অন্যদিকে নেহা বরা দাবি করছেন, তাঁর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের যথেষ্ট আইনি ভিত্তি নেই। মামলার চূড়ান্ত রায়ের দিকে নজর রয়েছে রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলির। আদালত নোটিসটি খারিজ করবে, নাকি প্রশাসনিক পদক্ষেপ বহাল রাখবে—তা রায় ঘোষণার পরই স্পষ্ট হবে। সূত্র: The Indian Express, Moneycontrol, Bar & Bench।

মহা নবমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১, গুরুতর আহত ২। 

  মহা নবমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১, গুরুতর আহত ২।   সোনাই: মহা নবমীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম বিমল গোয়ালা। তাঁর অকালমৃত্যুর খবরে পূর্ব সোনাইয়ের দিদারখুশ গ্রাম পঞ্চায়েতের বুয়ালি বস্তি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহা নবমীর রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি সড়কে বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে কচুদরম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। স্কুটিতে থাকা দুই আরোহী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, বাইকে থাকা বিমল গোয়ালাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত বিমল গোয়ালা বুয়ালি আইটিআইয়ের জমিদাতা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রয়াত কৈলাশ গোয়ালার ভাতিজা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। ঘটনার খবরে কচুদরম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেড়ে বাইক ও স্কুটি উদ্ধার করে হেফাজতে নেয়। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন বর্তমান জেলা পরিষদ সদস্য সাহিন লস্কর, সমাজসেবী তথা কংগ্রেস নেতা জিয়া উদ্দিন মজুমদার, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভাপতি মঞ্জুরুল লস্কর এবং সাদ্দাম হোসেন মজুমদার। উৎসবের আনন্দের মাঝেই এক তরতাজা প্রাণের অকালপ্রয়াণে শোকস্তব্ধ বুয়ালি বস্তি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

মহাষ্টমীর দিনে জিরিঘাটে মর্মান্তিক ঘটনা: শিশুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মা-ছেলের

  মহাষ্টমীর দিনে জিরিঘাটে মর্মান্তিক ঘটনা: শিশুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মা-ছেলের লক্ষীপুর,কাছাড় ২০ অক্টোবর: মহাষ্টমীর আনন্দঘন পরিবেশের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল জিরিঘাটে। জিরি নদীতে ডুবে মৃত্যু হল এক মহিলা ও এক শিশুর। শিশুটিকে বাঁচাতে গিয়ে ওই মহিলারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে জিরি নদীতে স্নান করতে গিয়েছিলেন অশোক নমঃশূদ্রের স্ত্রী গৌতমী রায় (২১)। সেই সময় নদীতে আরও কয়েকটি শিশু স্নান করছিল। হঠাৎ তিনি দেখতে পান, সুরজিত নামে এক শিশু নদীর জলে তলিয়ে যাচ্ছে। শিশুটিকে বাঁচাতে তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দেন গৌতমী। কিন্তু দুর্ভাগ্যবশত, শিশুটিকে উদ্ধার করতে গিয়ে তিনিও জলে তলিয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর দু’জনকে উদ্ধার করে জিরিঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সুরজিতকে মৃত বলে ঘোষণা করেন। পরে গৌতমীকে পয়লাপুল হাসপাতালে পাঠানো হলে সেখানেও তাঁকে মৃত ঘোষণা করা হয়। জানা গিয়েছে, সুরজিত সুজন নমঃশূদ্রের ছেলে। আকস্মিক এই ঘটনায় দুই পরিবারের পাশাপাশি গোটা এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছেন জিরিঘাট গ্রাম পঞ্চায়েতের সভাপতি শান্তনু চৌধুরী। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি জোগানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। এক শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন এক তরুণী—জিরিঘাটের এই মর্মান্তিক ঘটনা দুর্গোৎসবের আনন্দের মাঝে রেখে গেল গভীর বেদনার স্মৃতি।

মণিপুরে তিন মেইতেই নাগরিক হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য, KNF (N)-এর তিন সক্রিয় ক্যাডার গ্রেফতার।

মণিপুরে তিন মেইতেই নাগরিক হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য, KNF (N)-এর তিন সক্রিয় ক্যাডার গ্রেফতার। ইম্ফল পূর্বে যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার; AK-47, INSAS, M-16 রাইফেল, স্নাইপার রাইফেল, রকেট লঞ্চার ও গ্রেনেড উদ্ধার বলে দাবি নিরাপত্তা বাহিনীর। ইম্ফল, ২০ অক্টোবর: মণিপুরে তিন মেইতেই নাগরিকের মৃত্যুর ঘটনায় বড়সড় অভিযান চালিয়ে কুকি ন্যাশনাল ফ্রন্ট (নুন) বা KNF (N)-এর তিন সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ইম্ফল পূর্ব জেলার খোনবল তাংখুল গ্রাম ও সংলগ্ন এলাকায় CDO-ইম্ফল পূর্ব এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সুনুলোক পাহাড় এলাকায় মেইতেই গ্রামবাসীদের উপর অতর্কিত হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই হামলায় তিন মেইতেই নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছিলেন বলে সূত্রের দাবি। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন হেমিনথাং খংসাই ওরফে লুনথাং থাংবোই (২১), লুংগুনপাও কিপগেন ওরফে লুগুন (২২) এবং সেইলাল হাওকিপ ওরফে অ্যালান (৪৬)। তাঁদের মধ্যে প্রথমজনকে ইম্ফল পূর্ব জেলার এল. চাজাং গ্রামের বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে। তাঁকে ফাইলেংকোট গ্রামের একটি কালভার্টের কাছ থেকে গ্রেফতার করা হয়। দ্বিতীয়জন সি. জাউলেন, চিনমাং গ্রামের বাসিন্দা এবং তৃতীয়জন লাইকোট চাজাং গ্রামের বাসিন্দা। তাঁদের দুজনকে ফাইলেংকোট গ্রামের ভলিবল মাঠের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার যৌথ অভিযানে ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং অন্যান্য সামগ্রী উদ্ধারের দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে একটি AK-47 রাইফেল, একটি INSAS রাইফেল, একটি M-16 রাইফেল, একটি ম্যাগাজিনবিহীন A-1 রাইফেল, চিনে তৈরি একটি AK-47 টাইপ ৮১ রাইফেল, টেলিস্কোপিক সাইট-সহ একটি ৭.৬২ মিমি স্নাইপার রাইফেল এবং একটি Heckler & Koch HK33 রাইফেল। এ ছাড়াও তিনটি ১২-বোর বন্দুক, একটি লাথোড গান এবং একটি হাতে তৈরি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। অস্ত্র ও লঞ্চার মিলিয়ে মোট ১২টি উদ্ধার হয়েছে বলে তালিকায় উল্লেখ রয়েছে। গোলাবারুদের মধ্যে রয়েছে ৭৯২টি INSAS রাউন্ড, ২৬৭টি AK-47 রাউন্ড, ৭.৬২ মিমি-র ১৪টি রাউন্ড, ২০টি ট্রেসার রাউন্ড এবং .৩২ ক্যালিবারের দুটি রাউন্ড। তালিকা অনুযায়ী, মোট ১,০৯৫টি রাউন্ড উদ্ধার হয়েছে। গ্রেনেড ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার অভিযানে একটি TNT স্ল্যাব, তিনটি P.E.K. বিস্ফোরক, প্রায় ৮০০ গ্রাম গানপাউডার, ১৯টি লাথোড শেল, ১১টি পম্পি বোমা এবং তিনটি M-61 রাইফেল গ্রেনেড উদ্ধারের কথা জানানো হয়েছে। এ ছাড়া একটি চিনা হ্যান্ড গ্রেনেড, তিনটি ছোট আকারের হাতে তৈরি মর্টার, তিনটি ডিটোনেটর, একটি ৮১ মিমি মর্টারের খালি খোল, তিনটি ব্যাটারি, একটি গোলাবারুদের বাক্স এবং নয়টি ডাবল-ব্যারেল কার্তুজ উদ্ধার হয়েছে বলে তালিকায় উল্লেখ রয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের রাইফেলের ম্যাগাজিনও রয়েছে। এর মধ্যে AK-47-এর নয়টি, M-16-এর তিনটি, Heckler & Koch-এর তিনটি, INSAS-এর একটি এবং স্নাইপার রাইফেলের ম্যাগাজিন রয়েছে। এ ছাড়া AR-15-এর একটি ম্যাগাজিন এবং অতিরিক্ত ছয়টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে।  যোগাযোগের সরঞ্জাম, পরিচয়পত্র ও অন্যান্য সামগ্রী   অস্ত্র ও বিস্ফোরক ছাড়াও চারটি ব্যাটারিসহ রেডিও সেট, ছয়টি হেলমেট, একটি ইউনিফর্ম, একটি UBGL পাউচ, চার জোড়া জুতো এবং একটি মনোকুলার উদ্ধার হয়েছে। পাশাপাশি প্রায় তিন কেজি পোস্তগাছের বীজ এবং বিভিন্ন পরিচয়পত্র ও নথি উদ্ধার হয়েছে বলে তালিকায় উল্লেখ রয়েছে। উদ্ধার হওয়া নথির মধ্যে একটি নকল আধার কার্ড, একটি শ্রমিক কার্ড, কুকি স্টুডেন্টস অর্গানাইজেশনের একটি কার্ড, একটি ভোটার কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, একটি প্যান কার্ড এবং একটি SBI এটিএম কার্ড রয়েছে। এ ছাড়া তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। সুনুলোক হামলার তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুনুলোক পাহাড় এলাকায় মেইতেই গ্রামবাসীদের উপর হামলায় তিনজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মণিপুরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই ঘটনার তদন্তের মধ্যেই তিনজনকে গ্রেফতার এবং বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধারের দাবি সামনে এসেছে। নিরাপত্তা বাহিনীর এই অভিযান তদন্তে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তা পরবর্তী তদন্তে স্পষ্ট হবে।  

মহাষ্টমীর রাতে উদারবন্দে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ২

মহাষ্টমীর রাতে উদারবন্দে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ২ শিলচর, ২০ অক্টোবর: দুর্গাপুজোর মহাষ্টমীর রাতে উদারবন্দের কাচাকান্তি মন্দির সংলগ্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। কর্তব্যরত পুলিশকর্মীর সঙ্গে তর্কাতর্কি ও ধস্তাধস্তি, পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে শ্রীভূমি জেলার বদরপুরের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন কমলদ্বীপ দে ও সন্দীপ দাস। তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহাষ্টমীর রাতে প্রায় সাড়ে ১২টা নাগাদ কাচাকান্তি মন্দির সংলগ্ন এলাকায় ‘নো এন্ট্রি’ বোর্ড লাগানো থাকা সত্ত্বেও ওই সড়ক দিয়ে প্রবেশের চেষ্টা করেন দুই যুবক। কর্তব্যরত পুলিশ ব্যাটেলিয়নের কর্মী তাঁদের বাধা দিলে শুরু হয় তর্কাতর্কি। অভিযোগ, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকর্মীর সঙ্গে ধস্তাধস্তি ও টানাহেঁচড়ায় জড়িয়ে পড়েন তাঁরা। ঘটনার খবর পেয়ে উদারবন্দ থানার ওসি পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও প্রথমদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে সমস্যায় পড়তে হয় বলে জানা গেছে। পরে দুই যুবককে আটক করে পুলিশের গাড়িতে তোলার সময় ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই সময় সন্দীপ দাস ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এরপর পুলিশের গাড়িতে তোলার পর গাড়িটি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ দুই যুবককে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য, ট্রাফিক আইন লঙ্ঘন, কর্তব্যরত পুলিশকর্মীর উপর হা”মলা, সরকারি কাজে বাধা এবং ভাঙচুরের অভিযোগে মামলা রুজু করা হয়েছে বলে সুত্রে জানা গিয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাঁদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। দুর্গাপুজোর মহাষ্টমীর রাতে মন্দির সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার সময় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুজোর মরশুমে ভিড় নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে পুলিশের নির্দেশ মেনে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মণিপুরে ফের রক্তপাত, তিন মেইতেই নাগরিকের মৃত্যুতে উদ্বিগ্ন INDIA ব্লক

মণিপুরে ফের রক্তপাত, তিন মেইতেই নাগরিকের মৃত্যুতে উদ্বিগ্ন INDIA ব্লক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিরোধী প্রতিনিধি দলের, সর্বদলীয় বৈঠকের দাবি; ‘দিন দিন বাড়ছে নৃশংসতা, আর কতদিন এভাবে চলবে?’ ইম্ফল, ২০ অক্টোবর: ফের হিংসার আগুনে উত্তপ্ত মণিপুর। অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীদের গুলিতে তিন মেইতেই নাগরিকের মৃত্যু এবং আরও তিনজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল বিরোধী INDIA ব্লক। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ওকরাম ইবোবি সিংয়ের নেতৃত্বে বিরোধী প্রতিনিধি দল মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করে। ক্রমাগত হিংসা ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকার দাবিও জানায় প্রতিনিধি দল। সোমবারের ভয়াবহ হামলার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এসেছে। ‘আর কতদিন এভাবে চলবে?’ — সরব ইবোবি সিং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং রাজ্যের পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, প্রতিদিন মানুষ খুন হলে আর কতদিন এভাবে চলতে পারে? পরিস্থিতির মোকাবিলায় শুধু আশ্বাস যথেষ্ট নয়, প্রয়োজন সম্মিলিত রাজনৈতিক উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ। ইবোবি সিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা তথা বিধায়ক কে মেঘচন্দ্র সিং, লোকসভা সাংসদ অ্যাঙ্গোমচা বিমল আকোইজাম, বিধায়ক ওকরাম সূর্যকুমার-সহ INDIA ব্লকের বিভিন্ন দলের নেতারা। প্রতিনিধি দলটি বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক প্রস্তাব মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরে। প্রয়োজনে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনার ব্যবস্থা করার দাবি জানানো  কাঠ সংগ্রহ করতে গিয়ে হামলা, প্রাণ গেল তিনজনের   সোমবার, ১৯ অক্টোবর, ইম্ফল পূর্ব জেলার নোংশুম ও সংলগ্ন পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন একদল মেইতেই গ্রামবাসী। তাঁদের অভিযোগ অনুযায়ী, কাঠ সংগ্রহ করে গাড়িতে তোলার সময় অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার পূর্ণ বিবরণ নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে। নিহতদের দেহ ইম্ফলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে নিয়ে গিয়ে প্রতিবাদ জানান ক্ষুব্ধ গ্রামবাসীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে দেহগুলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সর্বদলীয় বৈঠকের দাবি, শান্তি ফেরানোই বড় চ্যালেঞ্জ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে INDIA ব্লক রাজ্যে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন। বৈঠকে রাজ্যে শান্তি ফেরানো, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক পরিস্থিতি পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। তবে সর্বদলীয় বৈঠকের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি আবারও সামনে এনেছে এক কঠিন প্রশ্ন—সাধারণ মানুষ কতদিন এমন অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাবেন? কাঠ সংগ্রহ করতে যাওয়া নিরস্ত্র গ্রামবাসীদের মৃত্যু শুধু কয়েকটি পরিবারের জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি করেনি, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ বাড়িয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং হিংসার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়াই এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ। সূত্র: NDTV, Hindustan Times ও অন্যান্য সংবাদমাধ্যমের ১৯–২০ অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন।

ধর্মীয় গুরুর নির্দেশে অনাহারে মৃত্যু ১৯০ শিশুর! ১৯১টি হত্যার মামলায় দোষী কেনিয়ার পল ম্যাকেঞ্জি

ধর্মীয় গুরুর নির্দেশে অনাহারে মৃত্যু ১৯০ শিশুর! ১৯১টি হত্যার মামলায় দোষী কেনিয়ার পল ম্যাকেঞ্জি ২০২৩ সালে জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল ৪০০-রও বেশি দেহ; আগামী ৬ নভেম্বর সাজা ঘোষণার কথা নাইরোবি, ২০ অক্টোবর: ধর্মীয় বিশ্বাসের নামে অনাহারে মৃত্যুর ভয়াবহ ঘটনায় কেনিয়ার স্বঘোষিত ধর্মীয় প্রচারক পল ম্যাকেঞ্জি ও তাঁর ২৮ সহযোগীকে ১৯১টি হত্যার মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার, ১৯ অক্টোবর, কেনিয়ার মোম্বাসা আদালত এই রায় দেয়। নিহতদের মধ্যে ১৯০ জনই শিশু, অন্যজন প্রাপ্তবয়স্ক। খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পল ম্যাকেঞ্জি কেনিয়ার গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের প্রতিষ্ঠাতা। অভিযোগ অনুযায়ী, তিনি অনুসারীদের বিশ্বাস করাতেন যে উপবাসের মাধ্যমে মৃত্যুবরণ করলে তাঁরা যিশুর সঙ্গে মিলিত হতে পারবেন। এই ধর্মীয় প্রচারের প্রভাবে অনুসারীদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় বলে আদালতে উঠে এসেছে। 👉জঙ্গলে গণকবর, উদ্ধার ৪০০-রও বেশি দেহ ২০২৩ সালে কেনিয়ার উপকূলীয় কিলিফি কাউন্টির শাকাহোলা জঙ্গলে অগভীর গণকবরের সন্ধান পাওয়ার পর ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। তদন্তকারীরা সেখান থেকে ৪০০-রও বেশি দেহ উদ্ধার করেন। মৃতদের মধ্যে বহু শিশু ছিল। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অনুসারীদের অনাহারে রাখার জন্য একটি সংগঠিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। কিছু শিশুকে বিচ্ছিন্ন করে খাবার থেকে বঞ্চিত করা হয়েছিল বলেও বিচারপ্রক্রিয়ায় উঠে এসেছে। 📍অস্বীকার করেছিলেন অভিযুক্তরা পল ম্যাকেঞ্জি ও তাঁর সহযোগীরা হত্যার অভিযোগ অস্বীকার করেছিলেন। ম্যাকেঞ্জির দাবি ছিল, কাউকে মৃত্যুর জন্য উপবাসে বাধ্য করা হয়নি। তবে আদালত মামলার প্রমাণ পর্যালোচনা করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে। ➡️আগামী মাসে সাজা ঘোষণার কথা আদালতের রায় অনুযায়ী, ১৯১টি হত্যার অভিযোগে দোষী সাব্যস্তদের সাজা আগামী ৬ নভেম্বর ঘোষণার কথা। শাকাহোলা জঙ্গল থেকে উদ্ধার হওয়া অন্যান্য দেহের সঙ্গে সম্পর্কিত তদন্তও গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। ধর্মীয় বিশ্বাসের অপব্যবহার কীভাবে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের, চরম বিপদের মুখে ঠেলে দিতে পারে—কেনিয়ার এই ঘটনা তারই এক মর্মান্তিক উদাহরণ। সূত্র: Associated Press, Reuters ও The Standard।

error: Content is protected !!