মণিপুরে ফের অস্ত্র উদ্ধার, অসম রাইফেলসের অভিযানে মিলল রাইফেল, পিস্তল ও আইইডি

ইম্ফল, ২৩ অক্টোবর: মণিপুরের ইম্ফল ইষ্টের ফাইলেংকট এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে অসম রাইফেলস। শুক্রবার ‘অপারেশন খোইবীন’-এর অধীনে পরিচালিত অভিযানে একটি .২২ রাইফেল, ম্যাগাজিন-সহ একটি সিএমজি, ম্যাগাজিন-সহ জাপানে তৈরি একটি পিস্তল এবং সন্দেহভাজন একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অস্ত্রগুলির পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ, ম্যাগাজিন ও অন্যান্য সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আরও অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর সুনুরক হিলে হামলার ঘটনায় তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন। ওই ঘটনার পর থেকেই ফাইলেংকট ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি এবং গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযান জোরদার করা হয়েছে।
এর আগে মণিপুর পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছিল। পাশাপাশি বিভিন্ন অভিযানে ১২টি আগ্নেয়াস্ত্র, ১,০৯৫ রাউন্ড গোলাবারুদ, বিস্ফোরক এবং অন্যান্য সামগ্রী উদ্ধারের খবরও প্রকাশ্যে আসে।
সুনুরক হিল হামলার সঙ্গে ধৃতদের যোগসূত্র এবং ঘটনায় আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। সাম্প্রতিক অস্ত্র উদ্ধারের ঘটনাও মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।








