দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে প্রায় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার এক

নতুনবাজারে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ৩

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে প্রায় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার এক

শিলচর–আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কের নতুনবাজার ক্লেভার হাউস বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। বুধবার সন্ধ্যায় একটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদক উদ্ধারের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুনবাজার থেকে বাইপাসে উঠে ডিভাইডার পার হয়ে শিলচরের দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন নরসিংপুরের শালগঙ্গা গ্রামের বাসিন্দা সেনাকর্মী রৌশন কুমার নাথ ও তাঁর স্ত্রী। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে থাকা বিশ্বজিৎ রবিদাস নামে এক ব্যক্তিকে ধাক্কা দিলে তিনিও গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকেও আটক করেন তাঁরা। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালানোর পর মাদকজাতীয় দ্রব্যের সন্ধান মেলে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধলাই থানার পুলিশ। পুলিশ গাড়ি থেকে প্রায় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে বলে সূত্রের দাবি। এই ঘটনায় ধলাইয়ের হাওয়াথাং এলাকার বাসিন্দা ইসলামুল হককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

একদিকে ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের গুরুতর আহত হওয়া, অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় নতুনবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচারের সঙ্গে কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!