মহাষ্টমীর দিনে জিরিঘাটে মর্মান্তিক ঘটনা: শিশুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মা-ছেলের

লক্ষীপুর,কাছাড় ২০ অক্টোবর: মহাষ্টমীর আনন্দঘন পরিবেশের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল জিরিঘাটে। জিরি নদীতে ডুবে মৃত্যু হল এক মহিলা ও এক শিশুর। শিশুটিকে বাঁচাতে গিয়ে ওই মহিলারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে জিরি নদীতে স্নান করতে গিয়েছিলেন অশোক নমঃশূদ্রের স্ত্রী গৌতমী রায় (২১)। সেই সময় নদীতে আরও কয়েকটি শিশু স্নান করছিল। হঠাৎ তিনি দেখতে পান, সুরজিত নামে এক শিশু নদীর জলে তলিয়ে যাচ্ছে। শিশুটিকে বাঁচাতে তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দেন গৌতমী। কিন্তু দুর্ভাগ্যবশত, শিশুটিকে উদ্ধার করতে গিয়ে তিনিও জলে তলিয়ে যান।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর দু’জনকে উদ্ধার করে জিরিঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সুরজিতকে মৃত বলে ঘোষণা করেন। পরে গৌতমীকে পয়লাপুল হাসপাতালে পাঠানো হলে সেখানেও তাঁকে মৃত ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, সুরজিত সুজন নমঃশূদ্রের ছেলে। আকস্মিক এই ঘটনায় দুই পরিবারের পাশাপাশি গোটা এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছেন জিরিঘাট গ্রাম পঞ্চায়েতের সভাপতি শান্তনু চৌধুরী। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি জোগানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।
এক শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন এক তরুণী—জিরিঘাটের এই মর্মান্তিক ঘটনা দুর্গোৎসবের আনন্দের মাঝে রেখে গেল গভীর বেদনার স্মৃতি।








