Skip to content

নাসিক রেলস্টেশনে যুবকের ব্যাগে প্রায় দেড় কোটি টাকা! উদ্ধার ১.৪৮ কোটি নগদ, তদন্তে আয়কর দফতর।

নাসিক রেলস্টেশনে যুবকের ব্যাগে প্রায় দেড় কোটি টাকা! উদ্ধার ১.৪৮ কোটি নগদ, তদন্তে আয়কর দফতর।

নাসিক, ১৭ নভেম্বর: ছটপুজোর মরশুমে রেলস্টেশনে নিরাপত্তা তল্লাশি চালাতে গিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান পেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। মহারাষ্ট্রের নাসিক রোড রেলস্টেশনে এক যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ৪৮ লক্ষ ৬৪ হাজার টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রেলমহলে।

জানা গেছে, গত ১২ নভেম্বর ‘অপারেশন সতর্ক’-এর অধীনে নাসিক রোড স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে তল্লাশি চালাচ্ছিলেন আরপিএফ জওয়ানরা। সেই সময় ২২১১২ নম্বর অযোধ্যা ক্যান্ট–মুম্বই এলটিটি অমৃত ভারত এক্সপ্রেস থেকে নামা এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয় তাঁদের। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন জওয়ানরা।

সাক্ষীদের উপস্থিতিতে যুবকের ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নগদ টাকা। আটক যুবকের পরিচয় সন্দীপ বালাসাহেব ভামরে (২৪)। তিনি মহারাষ্ট্রের সাংলি জেলার বাসিন্দা বলে জানা গেছে।

উদ্ধার হওয়া অর্থের উৎস এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও যুবক সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর উদ্ধার হওয়া সম্পূর্ণ অর্থ আয়কর দফতরের তদন্ত শাখার হাতে তুলে দেয় আরপিএফ।

এত বিপুল পরিমাণ নগদ অর্থ ওই যুবকের কাছে কীভাবে এল, এর পিছনে কোনও আর্থিক অনিয়ম বা অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন আয়কর বিভাগের আধিকারিকরা।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!