পালংঘাটে ভয়াবহ বাইক দুর্ঘটনা, গুরুতর আহত দুই; কৃষকের অবস্থা সংকটজনক।
ধলাই: সোমবার ভোরে পালংঘাট পুলিশ ফাঁড়ির পাশে ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই ব্যক্তি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
জানা গেছে, সোমবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। শাকসবজি নিয়ে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন কাছাড়ের গঙ্গানগরের কালাখাল গ্রামের কৃষক জব্বার উদ্দিন মজুমদার। সেই সময় ছটপুজো উপলক্ষে রুকনি নদীর দিকে যাওয়া ডুগরুবস্তির বাসিন্দা গৌরব গোয়ালাকে ঘন কুয়াশার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরবাইক ধাক্কা মারে বলে জানা গেছে।
সংঘর্ষের অভিঘাতে দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। জব্বার উদ্দিনের মাথা ও বুকে আঘাত লাগে। দুর্ঘটনার খবর পেয়ে পালংঘাট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
জানা গেছে, গৌরব গোয়ালা চিকিৎসার পর মঙ্গলবার বাড়ি ফিরে গিয়েছেন। তবে জব্বার উদ্দিন মজুমদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
দুর্ঘটনায় AS-11-W-4964 নম্বরের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ বাইকটি নিজেদের হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।





Leave a comment