বড়জালেঙায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিভাষ সেন।

ধলাই, ১৮ নভেম্বর: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ তথা ব্রজকিশোর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বিভাষ সেন (৭০)। মঙ্গলবার রাতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে ছোটজালেঙা-সহ ধলাই বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ নাগদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন বিভাষ সেন। বড়জালেঙা খেলার মাঠের কাছে পৌঁছতেই পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
মৃত বিভাষ সেন ছোটজালেঙা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ছিলেন। ব্রজকিশোর হাইস্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করার সুবাদে এলাকায় তাঁর যথেষ্ট সুনাম ও পরিচিতি ছিল। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন।
একজন অভিজ্ঞ শিক্ষক ও সমাজের পরিচিত ব্যক্তিত্বের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ এলাকার মানুষ। তাঁর মৃত্যুতে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মত স্থানীয়দের।





Leave a comment