নরসিংপুরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর আহত কাবুগঞ্জের যুবক,

নরসিংপুরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর আহত কাবুগঞ্জের যুবক, সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন **কাবুগঞ্জ, ১১ অক্টোবর:** কাছাড় জেলার নরসিংপুরে ফের সড়ক দুর্ঘটনা। ৩০৬ নম্বর শিলচর–আইজল জাতীয় সড়কের নরসিংপুর পেট্রোল পাম্পের সামনে ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন কাবুগঞ্জের এক যুবক। বর্তমানে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শিলচর অভিমুখে যাওয়া AS 01 FC 9373 নম্বরের একটি ট্রাক নরসিংপুর পেট্রোল পাম্পে প্রবেশ করার সময় কাবুগঞ্জ অভিমুখে আসা AS 11AH 3774 রেজিষ্ট্রেশন নম্বরের বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষের জেরে তার মাথায় আঘাত লাগে এবং বাইকটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত যুবককে উদ্ধার করে নরসিংপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাঁকে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। আহত যুবক কাবুগঞ্জ নরসিংপুর ২য় খণ্ডের বাসিন্দা সুদীপ পাল অর্ফের মুন্না পালের ছেলে নিশান পাল বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু সেড়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও লরিটি পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে। নরসিংপুরে ফের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে।

মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দিতে তামেইয়ে সেনাবাহিনী

মণিপুরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ! ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যুর দাবি, আক্রান্ত নাগা গ্রাম ইম্ফল: নতুন করে হিংসার ঘটনায় উত্তপ্ত মণিপুর। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইম্ফল–তামেই সড়ক সংলগ্ন নাগা অধ্যুষিত গ্রামে হামলা, কাংপোকপি জেলায় বাড়িঘরে আগুন লাগানো এবং একাধিক গ্রামে আক্রমণের খবর সামনে আসায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে ইম্ফল–তামেই সড়ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে। নাগা গ্রামে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইম্ফল–তামেই সড়কের পাশে একটি নাগা গ্রাম হামলার শিকার হয়েছে। পাশাপাশি কাংপোকপি জেলার কয়েকটি এলাকায় বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া এবং গ্রামগুলিতে হামলার অভিযোগ উঠেছে। তবে আক্রান্ত গ্রামের সুনির্দিষ্ট নাম, হামলাকারীদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দিতে সেনাবাহিনী মৃতদের দেহ পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দিতে সেনাবাহিনীর সদস্যরা সকালে তামেইয়ে পৌঁছালে নাগা ভিলেজ গার্ডরা শূন্যে গুলি বর্ষণ করে শ্রদ্ধা জানান। নাগাদের হুঁশিয়ারি, ‘ভূমি রক্ষার লড়াই চলবে’ ঘটনার পর নাগা পক্ষের তরফে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। যে ভূমি রক্ষার জন্য তাঁরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন, সেই ভূমি তাঁদেরই থাকবে—এমন অবস্থান তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ‘মিশন’ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। নিহতদের মৃত্যুর জবাব দেওয়া হবে এবং যুদ্ধক্ষেত্রেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে—এমন হুঁশিয়ারির কথাও প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে। তবে এই বক্তব্যের মূল বক্তা, সংগঠন এবং বিবৃতির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন করে হিংসা ছড়ানোর খবরের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর মোতায়েনের কথা জানা গেলেও হতাহতের সংখ্যা, বাস্তুচ্যুত মানুষের পরিস্থিতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সরকারি নিশ্চিত বিবরণ প্রয়োজন।

লক্ষ্মীপুর সমজেলা প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দফতরে নালিশ।

লক্ষ্মীপুর সমজেলা প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দফতরে নালিশ। লক্ষ্মীপুর, ১০ অক্টোবর: লক্ষ্মীপুর সমজেলা প্রশাসনের আধিকারিক ও কর্মীদের নিয়মিত সদর দফতরে উপস্থিতি, সরকারি দায়িত্ব পালন এবং সাধারণ নাগরিকদের পরিষেবা প্রদান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। এই বিষয়ে অসম সরকারের পার্সোনেল বিভাগের কমিশনার ও সচিবের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন পয়লাপুলের বাসিন্দা রাকেশ সিং। নিজেকে আরটিআই কর্মী ও সমাজকর্মী হিসেবে পরিচয় দেওয়া রাকেশ অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগপত্রের একটি প্রতিলিপি মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারির কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পাঠানো অভিযোগপত্রে রাকেশ সিং উল্লেখ করেন, রাজ্য সরকার সমজেলা আয়ুক্তদের নিজ নিজ প্রশাসনিক এলাকায় পূর্ণ সময় দিয়ে কাজ করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর পার্সোনেল বিভাগের কমিশনার-সচিব বীরেন্দ্র মিত্তাল এ বিষয়ে একটি নির্দেশ জারি করেন। অভিযোগপত্রে উদ্ধৃত নির্দেশ অনুযায়ী, সমজেলা আয়ুক্তদের নিজ নিজ এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। সংশ্লিষ্ট জেলাশাসকরা সমজেলার বাইরে অতিরিক্ত দায়িত্ব সাধারণভাবে অর্পণ করতে পারবেন না। ব্যতিক্রমী পরিস্থিতিতে এ ধরনের দায়িত্বের জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট অনুমতি প্রয়োজন বলেও নির্দেশে উল্লেখ রয়েছে বলে অভিযোগকারীর দাবি। আয়ুক্তের উপস্থিতি নিয়ে প্রশ্ন রাকেশ সিংয়ের অভিযোগ, সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক নিয়মিত সদর দফতরে উপস্থিত থাকেন না। তাঁর দাবি, আয়ুক্তকে প্রায়ই শিলচরে দেখা যায় এবং সেখানে লক্ষ্মীপুর সমজেলার বাইরের বিভিন্ন দায়িত্ব ও কাজ সামলাতে হয়। এমনকি তিনি শিলচরে অবস্থান করে নিজের সুবিধা অনুযায়ী লক্ষ্মীপুরে আসেন বলেও অভিযোগ করেছেন রাকেশ। তবে এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। অভিযোগকারী নিজেই সরকারি বায়োমেট্রিক উপস্থিতির নথি-সহ সংশ্লিষ্ট রেকর্ড পরীক্ষা করে প্রকৃত পরিস্থিতি নির্ধারণের আবেদন জানিয়েছেন। অন্যান্য আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধেও অভিযোগ সমজেলা আয়ুক্তের পাশাপাশি কার্যালয়ের অন্যান্য আধিকারিক ও কর্মীদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। তাঁর অভিযোগে ম্যাজিস্ট্রেসি অফিসার, শাখা আধিকারিক এবং সিনিয়র ও জুনিয়র অ্যাসিস্ট্যান্টদের নিয়মিত উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাকেশ সিংয়ের আরও দাবি, লক্ষ্মীপুর সমজেলার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত কয়েকজন আধিকারিক ও শাখা নিজেদের দায়িত্বের একটি উল্লেখযোগ্য অংশ শিলচর থেকে পালন করছেন। এর ফলে সমজেলা স্তরে প্রশাসনিক কাজের গতি ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। নাগরিক পরিষেবা নিয়ে অসন্তোষ অভিযোগপত্রে সাধারণ মানুষের হয়রানির বিষয়টিও তুলে ধরা হয়েছে। রাকেশ সিংয়ের দাবি, বিভিন্ন প্রশাসনিক কাজ ও নিয়মিত সরকারি পরিষেবা পেতে সমজেলা কার্যালয়ে আসা নাগরিকদের অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে অপেক্ষা করতে হয়। প্রয়োজনীয় তথ্য বা সন্তোষজনক উত্তর না পেয়ে তাঁদের বারবার কার্যালয়ে আসতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগকারীর বক্তব্য, সরকারি দফতরে আধিকারিকদের উপস্থিতি, নাগরিকদের প্রতি সৌজন্য এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা প্রদান নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে কোনও গাফিলতি হয়ে থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখা উচিত। নিরপেক্ষ তদন্তের দাবি সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বায়োমেট্রিক উপস্থিতির নথি, দায়িত্ব বণ্টনের সরকারি নির্দেশ, দাপ্তরিক রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি পরীক্ষা করার আবেদন জানিয়েছেন রাকেশ সিং। একই সঙ্গে লক্ষ্মীপুর সমজেলায় নিযুক্ত সমস্ত আধিকারিক ও কর্মীকে নির্ধারিত কর্মসময় অনুযায়ী নিজেদের সদর দফতরে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর সমজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট আধিকারিকদের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলির সত্যতা এবং সরকারি নির্দেশ লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই স্পষ্ট হবে। এখন অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ করে এবং সরকারি নথি যাচাইয়ের মাধ্যমে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রয়েছে। DOC-20260927-WA0018 e.o._full-fledged_and_effective_functioning_of_co-districts  

কাবুগঞ্জ জনতা কলেজে শারদীয় উৎসব ‘বাজল তোমার আলোর বেণু’,

কাবুগঞ্জ জনতা কলেজে শারদীয় উৎসব ‘বাজল তোমার আলোর বেণু’, নাচে-গানে মাতল বাংলা বিভাগ   কাবুগঞ্জ, ৯ অক্টোবর: মহালয়ার প্রাকলগ্নে দেবীপক্ষের আগমনী সুরে মুখরিত হয়ে উঠল কাবুগঞ্জের জনতা কলেজ। কলেজের বাংলা বিভাগের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল শারদীয় উৎসব ‘বাজল তোমার আলোর বেণু’। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল-সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্ত রায়। নাচে-গানে জমজমাট এই আয়োজনে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয় উৎসবের আনন্দঘন পরিবেশ। রাত পোহালেই মহালয়া—দেবীপক্ষের সূচনার এই বিশেষ মুহূর্তকে সামনে রেখে কলেজ প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে শারদীয় আবহ। অধ্যক্ষ ড. দেবাশিস পাল এবং আমন্ত্রিত অতিথি ড. সুপ্রবীর দত্ত রায় তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আগমনী সংগীত ও নৃত্য পরিবেশনা। ইংরেজি বিভাগের প্রধান ড. মুণ্ণি দেবমজুমদার এবং বাংলা বিভাগের প্রধান ড. সুদীপ্তা খেরসা আগমনী গান পরিবেশন করেন। বাংলা বিভাগের অধ্যাপিকা ড. পিনাকী দাসের আগমনী নৃত্য দর্শকদের মুগ্ধ করে। অন্যদিকে, অর্থনীতি বিভাগের অধ্যাপক কুসুমানন্দ নাথ তাঁর বক্তব্যে নারীশক্তির বিশেষত্ব ও তাৎপর্যের দিকটি তুলে ধরেন।   সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সুনয়না সিনহা, বর্ণিতা পাল, সুহানী রায়, সিমি সিনহা, সানি দত্ত, দেবমিতা পাল, সৌরভ চক্রবর্তী, অনামিকা রায়, স্নেহা পাল, সিপন রুদ্র পাল, মধুছন্দা নাথ-সহ আরও অনেকে। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।   এদিনের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের উদ্যোগে দুর্গাপ্রতিমার কাঠামো নির্মাণ। দুর্গার ভূমিকায় অতিথি শিক্ষক দীপা সিনহা, সরস্বতীর ভূমিকায় রিয়া সিনহা, কার্তিকের ভূমিকায় সমরজিৎ সিনহা, গণেশের ভূমিকায় চিরঞ্জিৎ রায়, লক্ষ্মীর ভূমিকায় বর্ণালী রায় এবং অসুরের ভূমিকায় তন্তুজ নাথ অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে উৎসবের পরিবেশ আরও বর্ণময় হয়ে ওঠে। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ড. পিনাকী দাস। বৈদ্যুতিক মাধ্যম নিয়ন্ত্রণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনায় সহযোগিতা করেন মিঠু নাথ, অনুভব দত্ত এবং সায়ন শ্যাম। সব মিলিয়ে, জনতা কলেজের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বাজল তোমার আলোর বেণু’ শারদীয় উৎসব ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে আনন্দ, সম্প্রীতি এবং সাংস্কৃতিক চেতনার এক সুন্দর মেলবন্ধন গড়ে তোলে।

দেবীপক্ষের প্রাক্কালে জনতা কলেজে ‘নারীশক্তি’ বিষয়ক দেওয়াল পত্রিকা উন্মোচন।

দেবীপক্ষের প্রাক্কালে জনতা কলেজে ‘নারীশক্তি’ বিষয়ক দেওয়াল পত্রিকা উন্মোচন। মহাশ্বেতা দেবীর সাহিত্যকর্মের মধ্য দিয়ে নারীজাগরণের বার্তা, পড়াশোনায় উৎসাহিত করার উদ্যোগ নিজস্ব প্রতিবেদন : দেবীপক্ষের প্রাক্কালে নারীশক্তির বহুমাত্রিক প্রকাশকে সামনে রেখে জনতা কলেজের শহিদ কনকলতা বড়ুয়া হাউসের উদ্যোগে উন্মোচিত হল বিশেষ দেওয়াল পত্রিকা। ‘নারীশক্তি’ বিষয়কে কেন্দ্র করে সাজানো এই দেওয়াল পত্রিকায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতি, সংগ্রাম ও ক্ষমতায়নের দিকগুলি প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। দেওয়াল পত্রিকাটির উদ্বোধন করেন কলেজের জিবি প্রেসিডেন্ট  মোহন সিংহ, অধ্যক্ষ ড. দেবাশিস পাল এবং উপাধ্যক্ষা সুজাতা পালিত। দেওয়াল পত্রিকায় দশভূজার প্রতীকী চিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকা ও অগ্রগতির নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে। এবারের দেওয়াল পত্রিকার অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থের প্রচ্ছদ অঙ্কণ ও প্রদর্শন। ‘হাজার চুরাশির মা’, ‘স্তনদায়িনী’, ‘বায়েন’, ‘রুদালী’ এবং ‘দ্রৌপদী’-সহ নারী ও সমাজকেন্দ্রিক একাধিক সাহিত্যকর্মের প্রচ্ছদ সেখানে তুলে ধরা হয়। তাঁর সাহিত্যকর্মে নারী নির্যাতন, শোষণ, সামাজিক বৈষম্য এবং তার বহুমাত্রিক প্রতিফলন যেভাবে উঠে এসেছে, দেওয়াল পত্রিকার মাধ্যমে তারই একটি সংক্ষিপ্ত প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই বিষয় নির্বাচনের পিছনে ছিল শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস ও সাহিত্যচর্চার প্রতি আগ্রহ বাড়ানোর বিশেষ উদ্দেশ্য। শহিদ কনকলতা বড়ুয়া হাউসের মেন্টর ড. সুদীপ্তা খেরসা ও ড. পিনাকী দাসের পরিকল্পনায় এই উদ্যোগ নেওয়া হয়। তাঁদের লক্ষ্য, মোবাইলনির্ভর বর্তমান সময়ে বই থেকে ক্রমশ দূরে সরে যাওয়া শিক্ষার্থীদের ফের বই পড়ার দিকে আকৃষ্ট করা।   মেন্টরদের বক্তব্য, একজন শিক্ষার্থী যদি এই দেওয়াল পত্রিকার মাধ্যমে অন্তত মহাশ্বেতা দেবীর পাঁচটি বইয়ের নাম জানতে পারে এবং সেই বইগুলি পড়ার আগ্রহ অনুভব করে, তাহলেই এই উদ্যোগ সার্থক হবে। দেওয়াল পত্রিকার চিত্রগুলি এঁকেছেন FYUG পঞ্চম সেমিস্টারের ছাত্র পিত্রাশিস সিনহা এবং HS প্রথম বর্ষের ছাত্র চিরঞ্জিত রায়। তাঁদের সৃজনশীল কাজকে উৎসাহিত করতে কলেজের জিবি প্রেসিডেন্ট ও অধ্যক্ষ তাঁদের হাতে উপহার তুলে দেন। দেবীপক্ষের আবহে নারীশক্তির বার্তা তুলে ধরার পাশাপাশি সাহিত্য, শিল্প ও বই পড়ার অভ্যাসকে শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় করে তোলার এই উদ্যোগ কলেজের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন বলে মনে করা হচ্ছে।

আসাম থেকে ব্রহ্মপুত্র পথে ৫৪০ মেট্রিক টন মিথানল যাচ্ছে বাংলাদেশে। ৭০ বছর পর ফের সরব ডিব্রুগড় নদীবন্দর

৭০ বছর পর ফের সরব ডিব্রুগড় নদীবন্দর ব্রহ্মপুত্র পথে ৫৪০ মেট্রিক টন মিথানল যাচ্ছে বাংলাদেশে ডিব্রুগড়: দীর্ঘ প্রায় সাত দশক পর ফের আন্তর্জাতিক পণ্য পরিবহনের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করল আসামের ডিব্রুগড়। সোমবার ব্রহ্মপুত্র নদের তীরে বোগিবিল টার্মিনাল থেকে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে একটি নৌযান। ১৯৪৭ সালের পর উজান আসাম থেকে কোনও বিদেশি বন্দরের উদ্দেশে এটাই প্রথম পণ্যবাহী নদীপথের চালান বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে এই যাত্রার সূচনা হয়। অনুষ্ঠানে একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়ক উপস্থিত ছিলেন। অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাষ্ট্রায়ত্ত সংস্থা আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের নামরূপ কারখানায় উৎপাদিত মিথানলটি বাংলাদেশের পানগাঁও বন্দরে পৌঁছবে। প্রথম পর্যায়ে নৌযানটি ব্রহ্মপুত্রের ন্যাশনাল ওয়াটারওয়ে-২ ধরে প্রায় ৭৬৮ কিলোমিটার পথ অতিক্রম করে ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছবে। এরপর ভারত-বাংলাদেশ প্রটোকল রুট বা IBPR দিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। ডিব্রুগড়ের বোগিবিল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মোট জলপথের দূরত্ব প্রায় ১,৩০০ কিলোমিটার। এই পরীক্ষামূলক চালানের অন্যতম উদ্দেশ্য হল, উত্তর-পূর্ব ভারতের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে ব্রহ্মপুত্রকে কতটা কার্যকর ও বাণিজ্যিকভাবে লাভজনক জলপথ হিসেবে ব্যবহার করা যায়, তা যাচাই করা। অনুষ্ঠানে সর্বানন্দ সোনোয়াল বলেন, একসময় ডিব্রুগড় ঘাটে স্টিমারের শব্দ ছিল অত্যন্ত পরিচিত দৃশ্য। কিন্তু প্রায় ৭০ বছর ধরে সেই নদীপথ কার্যত নীরব ছিল। তাঁর কথায়, এবার ডিব্রুগড় থেকে আবার আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশে নৌযান যাত্রা শুরু করল। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য এখন স্থানীয় নদীপথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। ঐতিহাসিকভাবেও ডিব্রুগড়ের নদীবন্দরের গুরুত্ব ছিল যথেষ্ট। ১৮৫৬ সালের মধ্যেই কলকাতা থেকে সরকারি স্টিমার ডিব্রুগড়ে পৌঁছত। ১৮৮২ সালে শহরের স্টিমার ঘাট থেকে ডিব্রু-সাদিয়া রেলপথ চালু হয়। পরবর্তী সময়ে চা, কাঠ ও যাত্রী পরিবহনে ব্রহ্মপুত্রের জলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে ১৯৪৭ সালের দেশভাগের পর পুরনো বাণিজ্যপথে বড় পরিবর্তন আসে। এরপর ১৯৫০ সালের ভূমিকম্পে ডিব্রুগড়ের নদীর তলদেশেও পরিবর্তন ঘটে। ধীরে ধীরে নদীপথে পণ্য পরিবহন কমতে থাকে। ১৯৫৪ সালে ডিব্রুগড় ঘাট থেকে নিয়মিত বুকিং বন্ধ হয়ে যায় এবং ১৯৫৬ সালের ১৫ অক্টোবর ঘাটটি কার্যত বন্ধ হয়ে যায়। নতুন এই জলপথ প্রকল্পের মাধ্যমে সড়কপথের ওপর চাপ কমানোর পাশাপাশি পণ্য পরিবহনে জ্বালানি খরচ কমানোর লক্ষ্য রয়েছে। সংশ্লিষ্টদের মতে, নদীপথে প্রতি টন পণ্য পরিবহনে তুলনামূলকভাবে কম জ্বালানি প্রয়োজন হয়। একইসঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে আঞ্চলিক জলপথ সংযোগ আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে ভারতের। এই উদ্যোগে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া, আসাম পেট্রো-কেমিক্যালস, কোচিন বাঙ্কার্স প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদাররা যুক্ত রয়েছে। ডিব্রুগড় থেকে বাংলাদেশের উদ্দেশে এই চালান সফল হলে উত্তর-পূর্ব ভারতের পণ্য পরিবহনে ব্রহ্মপুত্রভিত্তিক আন্তর্জাতিক জলপথের ব্যবহার আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে।

১৮৮ বস্তা চুরি যাওয়া PDS চাল উদ্ধার, গ্রেফতার হাইলাকান্দির ২

১৮৮ বস্তা চুরি যাওয়া PDS চাল উদ্ধার, গ্রেফতার হাইলাকান্দির ২ হাইলাকান্দি: ফের বড়সড় সাফল্য হাইলাকান্দি পুলিশের। কাছাড় জেলার শালচাপড়া থেকে নিখোঁজ হয়ে যাওয়া ৩৪০ বস্তা PDS চালের মধ্যে ১৮৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন—হাইলাকান্দির কাঞ্চনপুর প্রথম খণ্ডের সাবির আহমেদ লস্কর এবং কাঞ্চনপুর তৃতীয় খণ্ডের সাইদুর রহমান লস্কর। পুলিশ সূত্রে জানা গেছে, শালচাপড়া থেকে ৩৪০ বস্তা PDS চাল নিয়ে একটি ট্রাক রওনা হওয়ার পর সেটি নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে তদন্তে নামে কাছাড় ও হাইলাকান্দি পুলিশ। পরে নিখোঁজ ট্রাকটির সন্ধান মিললেও ট্রাকের ভিতরে কোনও চালের বস্তা পাওয়া যায়নি। এরপর গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে হাইলাকান্দির পৃথক দুটি এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৮৮ বস্তা PDS চাল উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। #Hailakandi #RiceRecovery #PDSRice #PoliceOperation #AssamNews #BreakingNews

ট্রেনে গুয়াহাটি আসার পথে নিখোঁজ অসমের তরুণী, অন্ধ্রপ্রদেশে রেললাইনের ধারে মিলল মৃতদেহ

ট্রেনে গুয়াহাটি আসার পথে নিখোঁজ অসমের তরুণী, অন্ধ্রপ্রদেশে রেললাইনের ধারে মিলল মৃতদেহ ট্রেনে গুয়াহাটি আসার পথে নিখোঁজ হওয়া অসমের ২১ বছর বয়সী বোড়ো তরুণী হিমাশ্রী বড়োর মৃতদেহ অন্ধ্রপ্রদেশে উদ্ধার হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিচিতদের মধ্যে। জানা গেছে, হিমাশ্রী বিশাখাপত্তনম থেকে গুয়াহাটিগামী 22503 বিবেক এক্সপ্রেসে যাত্রা করছিলেন। পরিবারের দাবি, ৬ অক্টোবর শেষবার পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। সেই সময় তিনি ট্রেনে নিজেকে নিরাপদ মনে করছেন না বলেও উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর আশপাশে “অনেক ছেলে” রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। ট্রেনটি গুয়াহাটিতে পৌঁছনোর পর তাঁর নির্ধারিত S2 কোচে হিমাশ্রীকে পাওয়া যায়নি। তবে কোচের ভিতর থেকে তাঁর ব্যাগ উদ্ধার করা হয়। পরবর্তীতে অন্ধ্রপ্রদেশের একটি রেললাইনের ধারে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। কীভাবে এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। হিমাশ্রীর নিখোঁজ হওয়া থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশে তাঁর মৃতদেহ উদ্ধারের মধ্যে কী ঘটেছিল, তা জানতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। তাঁর মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনায় অন্য কারও ভূমিকা ছিল কি না, সে বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।  

নাগাল্যান্ডে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অসম রাইফেলসের জওয়ানের

নাগাল্যান্ডে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অসম রাইফেলসের জওয়ানের। নাগাল্যান্ডে অপারেশনাল ডিউটিতে থাকাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল অসম রাইফেলসের রাইফেলম্যান **ভি. তেজার**। ওড়িশার রায়গড়া জেলার বাসিন্দা তেজার বয়স হয়েছিল ৩০ বছর। তাঁর ৩১তম জন্মদিনের মাত্র দু’দিন আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মঙ্গলবার তাঁর মরদেহ নিজ বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে এলাকায়। প্রিয় জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে শত শত মানুষ মোটরসাইকেল র‍্যালিতে অংশ নেন। জাতীয় পতাকায় মোড়া মরদেহ নিয়ে শেষ শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দারা। পরিবার সূত্রে জানা যায়, দীপাবলির আগে বাড়ি ফেরার কথা ছিল তেজার। আগামী ডিসেম্বরেই তাঁর বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই কর্তব্যরত অবস্থায় তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। অসম রাইফেলসের এই জওয়ানের মৃত্যুতে সহকর্মী, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা শোকপ্রকাশ করেছেন। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো তেজার আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এলাকার মানুষ। #AssamRifles #Nagaland #Odisha #VTeja #IndianArmy

ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা, দিল্লিতে হাইভোল্টেজ রাজনৈতিক পরিস্থিতি। আহত প্রিয়াঙ্কা।

ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা, দিল্লিতে হাইভোল্টেজ রাজনৈতিক পরিস্থিতি। আহত প্রিয়াঙ্কা। নয়াদিল্লি: নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের প্রতিবাদের মধ্যেই ফের আটক করা হল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে। দিল্লিতে বিক্ষোভকারীদের নিয়ে জন্তর মন্তরের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। প্রতিবাদ চলাকালীন পুলিশের বাধায় ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রিয়াঙ্কা গান্ধী। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এটা কি করার পদ্ধতি?” এরপর তাঁকে জোর করে পুলিশ বাসে তোলা হয় বলে অভিযোগ। আটকের আগে রাস্তার উপর বসে পড়েন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় লেগেছে। ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে বিক্ষোভস্থলে উত্তেজনা ছড়ায়। কংগ্রেসের অভিযোগ, বিরোধীদের প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার খর্ব করছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের আটক করেছে বলে জানা গেছে।

error: Content is protected !!