নরসিংপুরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর আহত কাবুগঞ্জের যুবক, সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন

**কাবুগঞ্জ, ১১ অক্টোবর:** কাছাড় জেলার নরসিংপুরে ফের সড়ক দুর্ঘটনা। ৩০৬ নম্বর শিলচর–আইজল জাতীয় সড়কের নরসিংপুর পেট্রোল পাম্পের সামনে ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন কাবুগঞ্জের এক যুবক। বর্তমানে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শিলচর অভিমুখে যাওয়া AS 01 FC 9373 নম্বরের একটি ট্রাক নরসিংপুর পেট্রোল পাম্পে প্রবেশ করার সময় কাবুগঞ্জ অভিমুখে আসা AS 11AH 3774 রেজিষ্ট্রেশন নম্বরের বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষের জেরে তার মাথায় আঘাত লাগে এবং বাইকটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত যুবককে উদ্ধার করে নরসিংপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাঁকে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে।

আহত যুবক কাবুগঞ্জ নরসিংপুর ২য় খণ্ডের বাসিন্দা সুদীপ পাল অর্ফের মুন্না পালের ছেলে নিশান পাল বলে জানা গিয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু সেড়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও লরিটি পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে।
নরসিংপুরে ফের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে।








