পতাকা বৈঠকের পর BGB-র হেফাজত থেকে মুক্তি BSF জওয়ানের, রাত ৭টায় ভারতে প্রত্যাবর্তন।

আন্তর্জাতিক সীমান্তে চাঞ্চল্য, প্রায় সাড়ে ছয় ঘণ্টা বাংলাদেশের হেফাজতে থাকার পর দেশে ফিরলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান।

১৭ নভেম্বর: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা ও চাঞ্চল্যের অবসান। অবশেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (BGB) আটক BSF জওয়ানকে ভারতের হাতে ফিরিয়ে দিল। মঙ্গলবার রাত প্রায় ৭টা নাগাদ তাঁকে হস্তান্তর করা হয়।
ঘটনাটি ঘটে মেঘালয় সীমান্ত সংলগ্ন বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায়। জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কর্তব্যরত অবস্থায় এক BSF জওয়ান আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন। এরপর BGB-র ৪৮ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে আটক করেন।
BSF সূত্রের বক্তব্য অনুযায়ী, কাঁটাতারের বেড়াবিহীন সীমান্ত এলাকায় ওই জওয়ান বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। তাঁর কাছে সার্ভিস রাইফেল-সহ অন্যান্য সরঞ্জাম ছিল বলে জানা গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনার পর রাত প্রায় ৭টা নাগাদ BGB-র পক্ষ থেকে ওই জওয়ানকে BSF-এর হাতে তুলে দেওয়া হয়।
বাংলাদেশের BGB-র ৪৮ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমদও জওয়ানকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বলে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আটক BSF জওয়ানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছিল। সেই ভিডিও ঘিরেও সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পতাকা বৈঠকের মাধ্যমে শেষ পর্যন্ত বিষয়টির নিষ্পত্তি হওয়ায় স্বস্তি ফিরেছে।
প্রায় সাড়ে ছয় ঘণ্টা বাংলাদেশের হেফাজতে থাকার পর ভারতীয় জওয়ানের প্রত্যাবর্তনে আপাতত এই ঘটনার অবসান ঘটল।





Leave a comment