মহাষ্টমীর রাতে উদারবন্দে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ২

মহাষ্টমীর রাতে উদারবন্দে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ২

শিলচর, ২০ অক্টোবর: দুর্গাপুজোর মহাষ্টমীর রাতে উদারবন্দের কাচাকান্তি মন্দির সংলগ্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। কর্তব্যরত পুলিশকর্মীর সঙ্গে তর্কাতর্কি ও ধস্তাধস্তি, পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে শ্রীভূমি জেলার বদরপুরের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন কমলদ্বীপ দে ও সন্দীপ দাস। তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহাষ্টমীর রাতে প্রায় সাড়ে ১২টা নাগাদ কাচাকান্তি মন্দির সংলগ্ন এলাকায় ‘নো এন্ট্রি’ বোর্ড লাগানো থাকা সত্ত্বেও ওই সড়ক দিয়ে প্রবেশের চেষ্টা করেন দুই যুবক। কর্তব্যরত পুলিশ ব্যাটেলিয়নের কর্মী তাঁদের বাধা দিলে শুরু হয় তর্কাতর্কি। অভিযোগ, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকর্মীর সঙ্গে ধস্তাধস্তি ও টানাহেঁচড়ায় জড়িয়ে পড়েন তাঁরা।

ঘটনার খবর পেয়ে উদারবন্দ থানার ওসি পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও প্রথমদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে সমস্যায় পড়তে হয় বলে জানা গেছে। পরে দুই যুবককে আটক করে পুলিশের গাড়িতে তোলার সময় ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই সময় সন্দীপ দাস ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এরপর পুলিশের গাড়িতে তোলার পর গাড়িটি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পর পুলিশ দুই যুবককে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য, ট্রাফিক আইন লঙ্ঘন, কর্তব্যরত পুলিশকর্মীর উপর হা”মলা, সরকারি কাজে বাধা এবং ভাঙচুরের অভিযোগে মামলা রুজু করা হয়েছে বলে সুত্রে জানা গিয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাঁদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

দুর্গাপুজোর মহাষ্টমীর রাতে মন্দির সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার সময় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুজোর মরশুমে ভিড় নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে পুলিশের নির্দেশ মেনে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!