
নগাঁও, ৩ অক্টোবর: আসন্ন নগাঁও লোকসভা উপনির্বাচনকে ঘিরে বাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে প্রচার জোরদার করেছে বিজেপি। শনিবার চকিরটুপ, ধিংগেট, হয়বরগাঁও এবং তরুণ ফুকন রোড-সহ বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী দেবাশিস শর্মার সমর্থনে প্রচার চালানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
স্থানীয় সূত্রের দাবি, নগাঁও পুরসভার ২৬টি ওয়ার্ডের মধ্যে প্রায় ১০টি ওয়ার্ডে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি ভোটার রয়েছেন। ওই এলাকাগুলিতে রাস্তা, পাকা নালা এবং জলনিকাশির সমস্যা দীর্ঘদিনের। বর্ষাকালে জল জমে বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়ে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় হয়বরগাঁওয়ের তরুণ ফুকন রোডে বিজেপির উদ্যোগে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়।
সভায় কংগ্রেস ও এআইইউডিএফকে নিশানা করেন সুস্মিতা দেব। তাঁর অভিযোগ, ভোটের সময় বিভিন্ন দল নানা প্রতিশ্রুতি ও প্রলোভন দেখায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলিও তুলে ধরেন তিনি। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নেওয়া সরকারি প্রকল্পে বহু মহিলা উপকৃত হয়েছেন বলে দাবি করেন বিজেপির এই নেত্রী।
ডিটেনশন ক্যাম্প নিয়েও বক্তব্য রাখেন সুস্মিতা দেব। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হিন্দু বাঙালিদের মধ্যে আর কেউ ডিটেনশন ক্যাম্পে নেই। একইসঙ্গে বাঙালি ভোটারদের কংগ্রেসকে ভোট দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা জয়ী হলে নগাঁও শহরের উন্নয়ন আরও গতি পাবে বলে সভায় দাবি করেন সুস্মিতা দেব। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি জানান, একসময় কংগ্রেসে থাকলেও এলাকার মানুষের পরামর্শে বিজেপিতে যোগ দেন এবং দলের আদর্শে অনুপ্রাণিত হন।







