আগামীকাল শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আগামীকাল শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিক সম্মেলনে জানাল কাছাড় জেলা বিজেপি।

শিলচর: শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে বুধবার শিলচরে নির্বাচনী প্রচারে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে এটাই তাঁর প্রথম শিলচর সফর বলে জানিয়েছেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়।
মঙ্গলবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী কৌশিক রায় জানান, সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার হাত ধরে পুরনিগম নির্বাচনের জন্য দলের ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়েছে। গত কয়েকদিন ধরে দলীয় প্রচারসভায় শিলচরের উন্নয়নকে সামনে রেখে সেই সংকল্প পত্রের বিষয়বস্তু সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।
মন্ত্রী বলেন, “শিলচরকে নিয়ে মুখ্যমন্ত্রীর অনেক স্বপ্ন ও ভিশন রয়েছে। আগামীকালের সভায় তিনি শিলচরের উন্নয়ন নিয়ে তাঁর পরিকল্পনা ও ভাবনার কথা বিস্তারিতভাবে তুলে ধরবেন।”


কৌশিক রায় জানান, বুধবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী সরাসরি বরাক ভ্যালি অসম সচিবালয়ে যাবেন। সেখানে বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও দেখা করবেন। এরপর বিকেল ৪টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।
মন্ত্রী আরও দাবি করেন, বরাক উপত্যকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে রাজ্য সরকার কাজ করে চলেছে। শিলচরের উন্নয়নকে ঘিরে সরকারের একাধিক পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে সাংবাদিক সম্মেলনে SIR (Special Intensive Revision) ইস্যুতে কংগ্রেসের অভিযোগেরও জবাব দেন সাংসদ কণাদ পুরকায়স্থ। তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে কংগ্রেস রাজনৈতিক অভিযোগ তুলছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যপ্রক্রিয়ার অংশ হিসেবেই SIR করা হচ্ছে।
কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, নির্বাচনে সাফল্য এলে দলটি নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলে না, কিন্তু বিজেপি জয়ী হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক ডাঃ রাজদীপ রায় এবং বিধায়ক রাজদীপ গোয়ালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!