মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কাছাড়ে পুলিশের বিশেষ প্রস্তুতি

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কাছাড়ে পুলিশের বিশেষ প্রস্তুতি

শিলচর: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন শিলচর সফরকে কেন্দ্র করে কাছাড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলার পুলিশকর্মীদের নিয়ে বিশেষ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে শিলচর পুলিশ গ্রাউন্ডে।

ব্রিফিংয়ে মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে আইনশৃঙ্খলা (L&O) সংক্রান্ত প্রোটোকল, বাড়তি সতর্কতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন কাছাড়ের এসএসপি পার্থ প্রথীম দাস । সফর চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ এলাকা ও স্থানগুলিতে নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী সরাসরি বরাক ভ্যালি অসম সচিবালয়ে যাবেন। সেখানে বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর।

এরপর বিকেল ৪টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। পুর নিগম নির্বাচনকে সামনে রেখে তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে কাছাড় জেলা পুলিশের এই বিশেষ প্রস্তুতির মাধ্যমে সম্ভাব্য যেকোনও পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!