নতুন বাজারে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত বিশু দে-র মৃত্যু, শোকের ছায়া এলাকায়

শিলচর–আইজল জাতীয় সড়কে দুই বাইকের সংঘর্ষের জের, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তরতাজা যুবকের
কাবুগঞ্জ, ২৬ অক্টোবর: শিলচর–আইজল জাতীয় সড়কের নতুন বাজার সংলগ্ন এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বিশু দে-র মৃত্যু হয়েছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত বিশু দে নরসিংপুর ১ম খণ্ডের নতুন পল্লীর বাসিন্দা। তিনি বাবুল চন্দ্র দে-র ছেলে। তরতাজা যুবকের অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সোনাই থানা এলাকার নতুন বাজার সংলগ্ন সুমিত ধাবার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, AS 11 AB 0547 নম্বরের একটি বাইক এবং AS 11 AC 3084 নম্বরের ১৫০ সিসি পালসার বাইকের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইক ঘোরানোর সময় অন্য একটি বাইক এসে ধাক্কা দিলে দুই বাইকের আরোহীরাই ছিটকে পড়েন। এতে দু’জন গুরুতর আহত হন।
দুর্ঘটনায় আহত অপর যুবক মারুফ তালুকদার (১৮)। তিনি খাসপুর, ভাগা বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম নজরুল ইসলাম তালুকদার বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিশু দে-র মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পর অপর এক বাইক আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সুত্রে জানা যায় । তাঁর পরিচয় ও বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনায় জড়িত বাইক দুটি পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে। ঠিক কী পরিস্থিতিতে এই সংঘর্ষ ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বিশু দে-র মৃত্যুর খবরে শোকস্তব্ধ এলাকাবাসী।









