কালাইনে পাগলা কুকুরের তাণ্ডব, আহত ১৫ জনেরও বেশি!

দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় আতঙ্ক, কালাইন বাজার থেকে ৬ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে কুকুরের আক্রমণ
কালাইন, কাছাড়: পাগলা কুকুরের আক্রমণে আতঙ্ক ছড়াল কাছাড় জেলার কালাইন এলাকায়। রবিবার বিকেলে কালাইন বাজার থেকে ৬ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে একটি কুকুরের আক্রমণে ১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় আচমকাই একটি কুকুর বিভিন্ন স্থানে মানুষের উপর আক্রমণ চালায়। এতে একাধিক ব্যক্তি কুকুরের কামড়ে আহত হন। ঘটনাকে কেন্দ্র করে কালাইন বাজার ও আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

আহতদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছেছেন। পাশাপাশি, আরও কয়েকজন কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও, তাঁরা এখনও হাসপাতালে পৌঁছাননি বলে জানা গেছে। ফলে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুজোর মরশুমে বাজার ও রাস্তাঘাটে মানুষের ভিড়ের মধ্যে এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি উঠছে।

সতর্কবার্তা: কুকুরের কামড়ে আহত হলে ক্ষতস্থানটি অবিলম্বে সাবান ও প্রবাহমান জলে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত চিকিৎসাকেন্দ্রে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া জরুরি।

#Kalain #Cachar #DogAttack #BreakingNews #BarakValley #DailyBarak








