শারদোৎসবের আনন্দের মাঝেই রামকৃষ্ণনগরে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই তরতাজা যুবকের

শ্রীভূমি, ১৫ অক্টোবর: শারদোৎসবের আনন্দের মাঝেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের দুলভছড়া–নিভিয়া সড়কের ফানাইরবন্দ এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বাইকে থাকা দুই আরোহীর। মৃতরা হলেন চেরাগি গ্রামের বাসিন্দা শিবম নাথ ও বিট্টু লোহর। এই ঘটনাকে কেন্দ্র করে চেরাগি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ শিবম নাথ ও বিট্টু লোহার বাইকে করে দুলভছড়া থেকে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। ফানাইরবন্দ এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই যুবক ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি থানার পুলিশ এবং রামকৃষ্ণনগরের এসডিপিও ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য দুলভছড়া মডেল হাসপাতালে পাঠায়।
এদিকে, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটি কীভাবে দুর্ঘটনাটি ঘটাল এবং চালককে শনাক্ত করা সম্ভব হয় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শারদোৎসবের আবহে দুই যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও গ্রামবাসীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ঘাতক গাড়ির পরিচয় জানতে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।








