BSF ক্যাম্পের অদূরে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কাটিগড়ায় আটক ২।

বরাক নদী দিয়ে পালানোর পথে আটক দুই বাংলাদেশি নাগরিক, কথিত আশ্রয়দাতা জিয়াউর রহমান পলাতক
কাটিগড়া, কাছাড়: বিএসএফ ক্যাম্পের অদূরে দুই বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কাছাড় জেলার কাটিগড়ায়। পুলিশের অভিযান চলাকালে বরাক নদী দিয়ে পালানোর চেষ্টা করার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় কথিত আশ্রয়দাতা জিয়াউর রহমান পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে কাটিগড়া থানার ওসি নব কুমার সৈকিয়া এবং এসআই সামান আলী মজুমদারের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালায়। অভিযানে বরাক নদী সংলগ্ন এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
অভিযোগ, হরিনগর বিএসএফ ক্যাম্পের অদূরে স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমানের বাড়িতে তাঁরা আশ্রয় নিয়েছিলেন। পুলিশি অভিযানের খবর পেয়ে তাঁরা বরাক নদী দিয়ে পালানোর চেষ্টা করেন বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন তাঁরা। অন্যদিকে, কথিত আশ্রয়দাতা জিয়াউর রহমানের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

কীভাবে ওই দুই ব্যক্তি ভারতে প্রবেশ করেছিলেন, তাঁদের ভারতে আসার উদ্দেশ্য কী এবং তাঁদের আশ্রয় দেওয়ার ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সীমান্ত সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে আটক ব্যক্তিদের পরিচয়, ভারতে প্রবেশের পরিস্থিতি এবং আশ্রয় দেওয়ার অভিযোগের বিষয়ে তদন্তের পরই বিস্তারিত তথ্য স্পষ্ট হবে।
#Katigorah #CacharPolice #BSF #BarakValley #BreakingNews








