ফসল কাটার মরশুম ও বিধানসভা নির্বাচন ঘিরে নিরাপত্তা পর্যালোচনা বিষ্ণুপুরে

বিষ্ণুপুর, ২৭ অক্টোবর: চলতি ফসল কাটার মরশুম এবং আসন্ন মণিপুর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হল। সোমবার বিষ্ণুপুরের মিনি সেক্রেটারিয়েট কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জেলাশাসক পূজা এলাংবামের পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন জেলাশাসক। তিনি বলেন, নির্বিঘ্নে ফসল কাটার কাজ সম্পন্ন করা এবং আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ফসল কাটার মরশুমে কৃষকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেন তিনি। একই সঙ্গে এই দুই গুরুত্বপূর্ণ কার্যক্রমে নিরাপত্তা বজায় রাখতে উপস্থিত আধিকারিকদের সহযোগিতা কামনা করেন জেলাশাসক।
বৈঠকে বিষ্ণুপুরের পুলিশ সুপার কে. শ. রবিকুমার সিং জেলার প্রান্তবর্তী এলাকাগুলিতে নিরাপদে ফসল কাটার কাজ সম্পন্ন করতে গৃহীত পদক্ষেপগুলির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, কৃষকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফসল কাটার পুরো মরশুমে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা ও নিরাপত্তা প্রদান করবে জেলা পুলিশ। কৃষিনির্ভর বিষ্ণুপুরের অর্থনীতির কথা উল্লেখ করে কৃষিকাজের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন তিনি।
আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে পুলিশ সুপার গত নির্বাচনের সময় গৃহীত নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করেন। পাশাপাশি, আগামী নির্বাচনে নিরাপত্তা আরও জোরদার করতে যেসব ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে, সেগুলিও চিহ্নিত করেন।
বৈঠকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বিভিন্ন আধিকারিকের পাশাপাশি অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা আধিকারিকরা উপস্থিত ছিলেন।








