তামিলনাড়ুতে রহস্যজনক মৃত্যু কাটিগড়ার গৃহবধূর, শ্রদ্ধাঞ্জলি প্রকল্পে বাড়ি ফিরল মৃতদেহ

পানরুটির ভাড়াবাড়ির বাথরুম থেকে উদ্ধার দেহ, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে পুলিশ
কাটিগড়া, ২৩ অক্টোবর: তামিলনাড়ুর কাড্ডালোর জেলার পানরুটি এলাকায় রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হল কাছাড় জেলার কাটিগড়ার এক গৃহবধূর। মৃতার নাম রমলা বেগম। একটি ভাড়াবাড়ির বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারের পাশাপাশি কাটিগড়া এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটিগড়া তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা রমলা বেগম স্বামী মাজিদ আহমেদের সঙ্গে তামিলনাড়ুর পানরুটি এলাকায় থাকতেন। ঘটনার দিন তাঁর স্বামী কাজে চলে যাওয়ার পর জ্যেষ্ঠ ভাসুর সাইদ আহমেদ ওই বাড়িতে আসেন। তখনই বাথরুমে রমলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠায়।

এদিকে, পরিবারের আর্থিক দুরবস্থার কারণে তামিলনাড়ু থেকে মৃতদেহ কাটিগড়ায় ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমন পরিস্থিতিতে কাটিগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবকুমার শইকীয়ার উদ্যোগে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের আওতায় মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এর ফলে পরিবারের সদস্যরা শেষবারের মতো রমলাকে দেখার এবং শেষকৃত্য সম্পন্ন করার সুযোগ পান।
তবে রমলা বেগমের মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।
একদিকে প্রিয়জনকে হারানোর শোক, অন্যদিকে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে শোকস্তব্ধ মৃতার পরিবার।








