সংকীর্ণ সেতু পার হতে গিয়ে লংগাই নদীতে উল্টে পড়ল যাত্রীবাহী অটো, গুরুতর আহত ২

সংকীর্ণ সেতু পার হতে গিয়ে লংগাই নদীতে উল্টে পড়ল যাত্রীবাহী অটো, গুরুতর আহত ২

পাথারকান্দির কলকলিঘাটে দুর্ঘটনা, বিকল্প সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ যাতায়াত; সেতু প্রশস্ত করে পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর

১৪ অক্টোবর, পাথারকান্দি, : সংকীর্ণ সেতু পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লংগাই নদীতে উল্টে পড়ল একটি যাত্রীবাহী অটো রিকশা। মঙ্গলবার রাতে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের কলকলিঘাট এলাকায় এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যাত্রী। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নদী থেকে তাঁদের উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকলিঘাট এলাকার একটি সংকীর্ণ সেতু পার হওয়ার সময় অটো রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে লংগাই নদীতে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁদের সহযোগিতায় নদী থেকে আহত দুই যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।

তবে এই দুর্ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়েছে এলাকায় যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা। ঘুঙ্গাবাড়ি, বিলবাড়ি, জমিরালা ও কলকলিঘাট-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই সেতু। স্থানীয়দের অভিযোগ, সেতুটি এতটাই সংকীর্ণ যে দুটি সাইকেল পাশাপাশি নিয়ে পার হওয়াও কঠিন। অথচ বিকল্প কোনও সেতু না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই এই পথ ব্যবহার করতে হচ্ছে সাধারণ মানুষকে।

শুধু সাধারণ মানুষই নন, এই বিপজ্জনক সেতু পার হয়েই প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হয় এলাকার পড়ুয়াদের। ফলে যেকোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই সেতুটি প্রশস্ত ও নিরাপদভাবে পুনর্নির্মাণের দাবি জানানো হচ্ছে। কিন্তু তাঁদের অভিযোগ, এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। মঙ্গলবার রাতের দুর্ঘটনা সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

এখন এলাকাবাসীর প্রশ্ন, আর কত দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে? ভবিষ্যতে প্রাণহানির মতো বড় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!