প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল শুক্কুর লস্কর জানাজায় কয়েক হাজার মানুষের সমাগম

৬০১ নম্বর ইসলামাবাদ এলপি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল শুক্কুর লস্কর প্রয়াত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। তবে তাঁদের প্রচেষ্টা ব্যর্থ করে রাত ১২টা ৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার দুপুর দেড়টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর পুত্র মাওলানা মনসুর আহমেদ লস্কর জানাজার নামাজে ইমামতি করেন। পরে ইসলামাবাদ সার্বজনীন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়স্বজন, প্রাক্তন ছাত্রছাত্রী, পরিচিতজন ও শুভানুধ্যায়ীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

১৯৫২ সালের ২ মে জন্মগ্রহণ করেন আব্দুল শুক্কুর লস্কর। ১৯৭২ সালে ধলাই বস্তি এলপি স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে চার বছর দায়িত্ব পালনের পর রাজনগর এলপি স্কুলে সাত বছর শিক্ষকতা করেন। পরবর্তী সময়ে ৬০১ নম্বর ইসলামাবাদ এলপি স্কুলে শিক্ষকতা করেন তিনি। ২০১২ সালের আগস্ট মাসে ওই বিদ্যালয় থেকেই অবসর গ্রহণ করেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে পাঠদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি গুরুত্ব দিতেন তিনি। কোনও ছাত্র স্কুলে অনুপস্থিত থাকলে তার খোঁজ নিতে বাড়িতে যাওয়ার নজিরও ছিল। অমায়িক ব্যবহার ও পাঠদানের দক্ষতার জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে তিনি পরিচিত ছিলেন।

অবসর গ্রহণের পরও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন আব্দুল শুক্কুর লস্কর। ইসলামিক সংগঠন নাদুয়াতুত তামিমের ভাগা আঞ্চলিক শাখার সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেন তিনি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও অংশ নেন।

২০১৬ সালের নভেম্বর মাসে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র, পাঁচ কন্যা, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

প্রয়াত শিক্ষকের সঙ্গে এই প্রতিবেদনের লেখকের ব্যক্তিগত সম্পর্কও ছিল। লেখকের প্রাথমিক শিক্ষাজীবনের হাতেখড়ি হয়েছিল আব্দুল শুক্কুর লস্করের কাছে। তাঁর কাছেই প্রথম অক্ষরজ্ঞান লাভ করেন লেখক। ফলে তাঁর প্রয়াণে লেখকের ব্যক্তিগত জীবনেও একটি স্মরণীয় অধ্যায়ের অবসান ঘটল।

তাঁর মৃত্যুতে প্রাক্তন ছাত্রছাত্রী, সহকর্মী ও পরিচিত মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!