গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে তিন যুবক গ্রেফতার, পলাতক এক।

উধারবন্দ, ৫ অক্টোবর: কাছাড় জেলার উধারবন্দ থানার অন্তর্গত হাতিছড়া চা-বাগান এলাকায় এক গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে উধারবন্দ থানার পুলিশ। অপর এক অভিযুক্ত এখনও পলাতক।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হল মিকিরজুম এলাকার হাসিম উদ্দিন খান (২৭), মন্নান লস্কর (৩৫) এবং রেজাউল হোসেন লস্কর (২৫)। অপর অভিযুক্ত মঞ্জুর হোসেন লস্করকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত আনুমানিক ৭টা নাগাদ আট মাসের শিশুকে কোলে নিয়ে মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। হাতিছড়া চা-বাগানের কাছে পৌঁছালে অভিযুক্তরা তাঁকে একা পেয়ে পথরোধ করে বলে অভিযোগ। এরপর তাঁর সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানি এবং যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারিণীর দাবি, অভিযুক্তদের মধ্যে একজন তাঁর পরনের শাড়ি ধরে টানাটানি করে ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও হাসিম উদ্দিন খানকে স্থানীয়রা আটক করেন বলে অভিযোগ।
ঘটনার পর অভিযোগকারিণী শারীরিক অসুস্থতা এবং মানসিক আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ প্রথমে হাসিম উদ্দিন খানকে গ্রেফতার করে। পরে ভিডিপির সহযোগিতায় সোমবার ভোরে আরও দুই অভিযুক্ত রেজাউল হোসেন লস্কর ও মন্নান লস্করকে আটক করা হয়। গ্রেফতার তিন অভিযুক্তকে সোমবার শিলচর আদালতে হাজির করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা মঞ্জুর হোসেন লস্করের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। আদালতে বিচারপ্রক্রিয়া ও তদন্তের অগ্রগতির পরই অভিযোগের প্রকৃত সত্যতা ও ঘটনার বিস্তারিত দিক স্পষ্ট হবে।







