Skip to content

ভারতমালার অসমাপ্ত কাজে বেহাল ৩০৬ নম্বর জাতীয় সড়ক, দুর্ভোগে নিত্যযাত্রীরা লাইলাপুর থেকে ধলাই পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথে জল-কাদা ও খানাখন্দে বিপর্যস্ত যান চলাচল

রাজীব মজুমদার: হেমন্তের বৃষ্টিতেই ফের বেহাল হয়ে পড়েছে শিলচর–আইজল সংযোগকারী ৩০৬ নম্বর জাতীয় সড়ক। জল, কাদা ও বড় বড় খানাখন্দে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল। ভারতমালা প্রকল্পের অধীনে ফ্লাইওভার নির্মাণের কাজ চললেও দীর্ঘসূত্রতা ও অপরিকল্পিত নির্মাণের কারণে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন এই সড়কে যাতায়াতকারী মানুষ।

লাইলাপুর থেকে ধলাই পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের চারটি স্থানে চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ। অভিযোগ, নির্মাণের স্বার্থে রাস্তার পিচ তুলে ফেলার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কয়েকটি স্থানে কাজের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিশেষ করে সপ্তগ্রাম ও ইসলামাবাদ ফ্লাইওভার নির্মাণস্থলে প্রায় এক বছর আগে সড়কের পিচ তুলে ফেলা হলেও দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট অংশে কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

গত শুষ্ক মরসুমে এসব এলাকায় ধুলোর কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল পথচারী ও যানবাহন চালকদের। বর্ষাকালে সেই দুর্ভোগ আরও বেড়ে কাদা, জল ও গর্তের সমস্যায় পরিণত হয়। এবার হেমন্তের বৃষ্টিতেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটেছে। গত দুই দিনের অবিরাম বৃষ্টিতে সড়কের একাধিক অংশে জল-কাদা জমে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে, লাইলাপুর ও চান্নিঘাটের মধ্যবর্তী ফ্লাইওভার নির্মাণস্থল এবং ধলাই হাইস্কুলের সামনের অংশেও নির্মাণকাজের কারণে গত বর্ষায় চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। শিলচর থেকে আইজলগামী যানবাহন চালক, স্থানীয় বাসিন্দা এবং প্রতিবেশী রাজ্য মিজোরামের যাত্রীদের কাছে ৩০৬ নম্বর জাতীয় সড়কের এই অংশ এখন কার্যত দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 

স্থানীয়দের বক্তব্য, তাঁরা উন্নয়নের বিরোধী নন। বরং উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নিরাপদ সড়ক চান। তবে উন্নয়নের কাজের নামে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে রাখা কোনওভাবেই কাম্য নয়। তাঁদের দাবি, নির্মাণকাজে সঠিক পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নির্মাণ চলাকালীন বিকল্প ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, ভারতমালা প্রকল্পের অধীনে চলা এই নির্মাণকাজ কবে সম্পূর্ণ হবে? কবে শিলচর–আইজল জাতীয় সড়কে স্বাভাবিক ও নিরাপদ যাতায়াতের পরিবেশ ফিরে আসবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নির্মাণ সংস্থার দ্রুত হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন ভুক্তভোগীরা।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!