Skip to content

রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের উল্লেখযোগ্য সাফল্য, ৩৩ জেলায় বিজেপিকে টেক্কা

রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের উল্লেখযোগ্য সাফল্য, ৩৩ জেলায় বিজেপিকে টেক্কা

জয়পুর, ২০ নভেম্বর: রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে শাসক বিজেপিকে পিছনে ফেলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল কংগ্রেস। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ—উভয় স্তরেই আসন সংখ্যার নিরিখে বিজেপির তুলনায় এগিয়ে রয়েছে কংগ্রেস। শুক্রবার প্রকাশিত ফলাফলে গ্রামীণ এলাকায় কংগ্রেসের শক্তিশালী উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে।

রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, পঞ্চায়েত সমিতির ৭,৩৯৩টি ঘোষিত আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৩,৭০১টি আসন। অন্যদিকে, শাসক বিজেপির ঝুলিতে গিয়েছে ২,১৮১টি আসন। এছাড়া রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) ৪৯৬টি, ভারত আদিবাসী পার্টি (বিএপি) ২৭৬টি এবং বহুজন সমাজ পার্টি ৬০টি আসন পেয়েছে। নির্দল প্রার্থীরা পেয়েছেন ৬২৭টি আসন।

 

জেলা পরিষদ নির্বাচনেও কংগ্রেস বিজেপির তুলনায় এগিয়ে রয়েছে। ঘোষিত ৯৮১টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৫৯৯টি এবং বিজেপি পেয়েছে ৩০১টি আসন। আরএলপি ৩৭টি এবং বিএপি ২২টি আসনে জয়ী হয়েছে।

জেলাভিত্তিক ফলাফলে দেখা গিয়েছে, ৩৭টি জেলার মধ্যে ৩৩টিতে পঞ্চায়েত সমিতির আসনে কংগ্রেস বিজেপির তুলনায় বেশি আসন পেয়েছে। অন্যদিকে, আজমের, বালতরা, সালুম্বর ও উদয়পুর—এই চার জেলায় বিজেপি এগিয়ে রয়েছে। জয়পুর, যোধপুর, বিকানের, দৌসা ও সিকর-সহ একাধিক জেলায় কংগ্রেস উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নিজের জেলা ভরতপুরেও কংগ্রেস বিজেপির তুলনায় বেশি আসন পেয়েছে। সেখানে নির্দল প্রার্থীরা সর্বাধিক আসন দখল করলেও কংগ্রেস ৪৬টি এবং বিজেপি ৩২টি আসন পেয়েছে।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট গ্রামীণ ভোটারদের রায়কে বিজেপি সরকারের বিরুদ্ধে বার্তা বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, বিজেপির মুখপাত্র রামলাল শর্মা দলের প্রত্যাশার তুলনায় ফলাফল খারাপ হয়েছে বলে স্বীকার করে পর্যালোচনার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, রাজস্থানের ৪১টি জেলার মধ্যে ৩৭টি জেলায় ভোট গণনা হয়েছে। কোটা, বারান, করৌলি ও শ্রীগঙ্গানগর—এই চার জেলায় গণনা আগামী ১৭ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। ফলে ওই জেলাগুলির ফলাফল প্রকাশের পর রাজ্যের সামগ্রিক নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হবে।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!