হিলাড়ায় কন্টেইনার ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের দুই শিশুসহ আহত ৫

কাটিগড়া, শুক্রবার: চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল একই পরিবারের পাঁচ সদস্য। শুক্রবার দুপুরে কাছাড়ের কাটিগড়ার হিলাড়া এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে একটি কন্টেইনার ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, হরিনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা প্যারা বেগম (৬৫), খাইরুল ইসলাম (২৭), তামান্না পারভীন (২০) এবং দুই শিশু আরিয়ান (২) ও উমের হুসেন (১) কালাইন থেকে চিকিৎসক দেখিয়ে অল্টো গাড়িতে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা NL 01 AH 5677 নম্বরের একটি কন্টেইনারের সঙ্গে তাঁদের গাড়িটির সজোরে সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্টো গাড়িটি দুমড়ে-মুচড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়ির ভিতর থেকে পাঁচজনকে উদ্ধার করেন। পরে তাঁদের কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকেই শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

একই পরিবারের দুই শিশুসহ পাঁচজনের আহত হওয়ার ঘটনায় হরিনগর দ্বিতীয় খণ্ড এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। ৬ নম্বর জাতীয় সড়কে এমন দুর্ঘটনা ঘিরে ফের সামনে এসেছে সড়ক নিরাপত্তার প্রশ্ন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্তের দাবি উঠেছে।






Leave a comment