দুই গোলে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন! টাইব্রেকারে ৭-৬ গোলে জয়ী এফসি জারইলতলা

কাবুগঞ্জ: দুই গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ গোলে জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল এফসি জারইলতলা (রানিঘাট)। কাবুগঞ্জ ফুটবল একাডেমি আয়োজিত ৯-এ-সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে শুক্রবারের ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা।
এদিন মাঠে মুখোমুখি হয় রবিন কাইদেম একাডেমি (লক্ষীপুর) ও এফসি জারইলতলা (রানিঘাট)। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় রবিন কাইদেম একাডেমি। খেলার মাত্র চতুর্থ মিনিটে রাজদীপের গোলে এগিয়ে যায় লক্ষীপুরের দল। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যেই ২৮ মিনিটে ‘টলো’-র গোলে ব্যবধান ২-০ করে রবিন কাইদেম একাডেমি। প্রথমার্ধের খেলা শেষ হয় এই ব্যবধানেই।

তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য মেজাজে মাঠে নামে এফসি জারইলতলা। পিছিয়ে থেকেও হাল না ছেড়ে আক্রমণের ঝড় তোলে তারা। খেলার ৪৫ মিনিটে টিংজিতের গোলে ব্যবধান কমায় জারইলতলা। এরপর ৫৫ মিনিটে আরুপের দুর্দান্ত গোলে সমতায় ফিরে আসে দলটি। নির্ধারিত সময়ে আর কোনও গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য আশ্রয় নিতে হয় টাইব্রেকারের।
সেখানেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ৭-৬ গোলে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে এফসি জারইলতলা (রানিঘাট)। দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করে ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন টিংজিত। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি তথা প্রাক্তন ফুটবলার সাজু লস্কর এবং ভাগা-চান্নিঘাটের বিশিষ্ট ব্যবসায়ী সিপ্পার আহমেদ লস্কর।

ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান রেফারি জাফর বড়ভুইয়া। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হাসান ও সাহিদ চৌধুরী।
আয়োজক কাবুগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল কোনও খেলা অনুষ্ঠিত হবে না। পরবর্তী কোয়ার্টার ফাইনালের সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে এফসি জারইলতলার এই জয় টুর্নামেন্টে নতুন উত্তেজনা সৃষ্টি করল।





Leave a comment