বাকু হয়ে মস্কো! রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে নিখোঁজ সোনাইয়ের যুবক মুন্না, উদ্ধারে মোদি-হিমন্তের হস্তক্ষেপ দাবি পরিবারের।

আজারবাইজানে কাজের সন্ধানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন কাছাড় জেলার সোনাইয়ের যুবক আব্দুল মুক্তাদির লস্কর ওরফে মুন্না। কিন্তু পরিবারের হাতে আসা বিমানের টিকিটে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মুম্বাই থেকে বাকু হয়ে মস্কো যাওয়ার জন্য তাঁর নামে টিকিট বুকিং করা হয়েছিল। এরপর রাশিয়ার সেনাবাহিনীতে তাঁকে যোগদান করানো হয়েছে কি না, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে পরিবার। গত ২৬ আগস্টের পর থেকে তাঁর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। স্বামীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে এবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।
পরিবারের হাতে থাকা বিমানের টিকিট অনুযায়ী, গত ১৪ জুলাই মুম্বাই থেকে আজারবাইজানের বাকু হয়ে মস্কো যাওয়ার টিকিট বুকিং করা হয়েছিল মুন্নার নামে। এমনকি ৩০ জুলাই দেশে ফেরার টিকিটের ব্যবস্থাও ছিল। তবে নির্ধারিত সময়ে তিনি দেশে ফিরেছিলেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পরিবার।
পরিবারের দাবি, রাশিয়ায় যাওয়ার পর মুন্না রুশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। গত ২৬ আগস্ট স্ত্রী সালমার সঙ্গে শেষবারের মতো কথা হয় তাঁর। এরপর থেকেই তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পাওয়া যাচ্ছে না।
এরই মধ্যে ফেসবুকে রাশিয়ার সামরিক পোশাক পরিহিত কয়েকজন বিদেশি যুবকের সঙ্গে মুন্নার একটি ছবি দেখতে পান পরিবারের সদস্যরা। সেই ছবি দেখার পর তাঁদের আশঙ্কা, তাঁকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রণক্ষেত্রে পাঠানো হয়ে থাকতে পারে। যদিও বর্তমানে তিনি কোথায় রয়েছেন কিংবা আদৌ যুদ্ধক্ষেত্রে পৌঁছেছেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
সোনাইয়ের তুলারগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা আব্দুল মুক্তাদির লস্করের বাড়িতে এখন উদ্বেগ আর উৎকণ্ঠার পরিবেশ। স্বামীর অপেক্ষায় দিন গুনছেন স্ত্রী সালমা। তাঁদের রয়েছে মাত্র এক বছরের একটি কন্যাসন্তান এবং তিন বছরের একটি পুত্রসন্তান। বাবার ফিরে আসার আশায় দিন গুনছে দুই অবুঝ শিশু।

পরিবারের আকুল আবেদন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করেন। কূটনৈতিক স্তরে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ যুবকের বর্তমান অবস্থান নিশ্চিত করার পাশাপাশি তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।





Leave a comment