অসমের ইতিহাসে নতুন নজির, ১৩৩০ কিলোমিটার সাঁতরে রিলে বিশ্বরেকর্ড গড়ার দাবি এলভিস আলি হাজরিকার

২৬ নভেম্বর: অসমের ক্রীড়াজগতে নতুন ইতিহাস গড়ার দাবি করলেন সাঁতারু এলভিস আলি হাজরিকা। দীর্ঘ কঠোর পরিশ্রম, অদম্য মানসিক শক্তি এবং নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ১৩৩০ কিলোমিটার সাঁতারের রিলে বিশ্বরেকর্ড সফলভাবে সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, এই কৃতিত্ব অর্জনকারী প্রথম অসমিয়া তিনি।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এই সাফল্যের কথা তুলে ধরেন এলভিস। তিনি জানান, এই দীর্ঘ অভিযাত্রায় তাঁকে একাধিক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তীব্র সমুদ্রপীড়া, শারীরিক ক্লান্তি, জেলিফিশ ও বিশাল সামুদ্রিক প্রাণীর মুখোমুখি হওয়া, প্রবল সমুদ্রস্রোত এবং বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে।

এমনকি প্রচণ্ড গরম, দীর্ঘক্ষণ সূর্যের আলোয় থাকা, পর্যাপ্ত ঘুম ও খাবারের অভাব এবং শারীরিক যন্ত্রণার মধ্যেও অভিযান চালিয়ে যেতে হয়েছে। অনেক সময় পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে কীভাবে তিনি সাঁতার চালিয়ে যাচ্ছেন, তা নিজেও বুঝতে পারছিলেন না বলে পোস্টে উল্লেখ করেছেন এই সাঁতারু।
তবে অসমের মানুষের ভালোবাসা, আশীর্বাদ ও নিরন্তর উৎসাহই তাঁকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন এলভিস। নিজের এই সাফল্য অসমের মানুষের উদ্দেশে উৎসর্গ করেছেন তিনি।

এলভিসের কথায়, এই অভিযান শুধু ১৩৩০ কিলোমিটার সাঁতার কাটা কিংবা বিশ্বরেকর্ড গড়ার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দৃঢ় সংকল্প, সাহস, আত্মত্যাগ এবং অসম ও ভারতের জন্য গৌরব বয়ে আনার স্বপ্ন।
শারীরিকভাবে ক্লান্ত হলেও মানসিকভাবে তিনি এখনও দৃঢ় রয়েছেন বলে জানিয়েছেন। তাঁর এই অভিযানের নাম ‘মিশন অপরাজয়’।





Leave a comment