Skip to content

২৪ ঘণ্টার মধ্যে শ্রীভূমিতে পৃথক রেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই পড়ুয়ার, একের পর এক ছাত্রমৃত্যুতে উদ্বেগ

২৪ ঘণ্টার মধ্যে শ্রীভূমিতে পৃথক রেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই পড়ুয়ার, একের পর এক ছাত্রমৃত্যুতে উদ্বেগ

শ্রীভূমি, ২৬ নভেম্বর: রেললাইনে মৃত্যুর মিছিল যেন থামছেই না। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পৃথক দুটি মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারাল দুই স্কুলপড়ুয়া। একজন দশম শ্রেণির ছাত্র, অন্যজন সপ্তম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার ভাঙ্গা নন্দপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ১৩ বছরের নাদিয়া খাতুন তাপাদারের। এর রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালে চান্দখিরা রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্র ১৬ বছরের চন্দন গোয়ালার। পরপর দুই কিশোর-কিশোরীর এমন অকালমৃত্যুতে শোকস্তব্ধ শ্রীভূমি জেলা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে ভাঙ্গা নন্দপুর এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় গুরুতর আহত হয় নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী নাদিয়া খাতুন তাপাদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজপাশা গ্রামের বাসিন্দা আব্দুল কালামের দ্বিতীয় কন্যা ছিল মাত্র ১৩ বছরের নাদিয়া। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে চান্দখিরা রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় প্রাণ হারায় দশম শ্রেণির ছাত্র চন্দন গোয়ালা। জানা গেছে, চান্দখিরা নতুন টিলা গ্রামের বাসিন্দা চন্দন এসপি রায় হাইস্কুলের ছাত্র ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু পথে রেল দুর্ঘটনায় অকালে ঝরে যায় তার প্রাণ। কৃষক পরিবারের সন্তান চন্দনের মৃত্যুতে শোকের পাশাপাশি অসহায় হয়ে পড়েছে তার পরিবার।

শুধু শ্রীভূমি নয়, হাইলাকান্দিতেও একের পর এক ছাত্রমৃত্যু

উল্লেখ্য, গত এক মাসে হাইলাকান্দি জেলাতেও ধারাবাহিকভাবে চার পড়ুয়ার মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এবার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে শ্রীভূমিতে আরও দুই পড়ুয়ার মৃত্যু গোটা বরাক উপত্যকায় উদ্বেগ বাড়িয়েছে। একের পর এক অল্পবয়সি পড়ুয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে।

স্কুল কিংবা টিউশনে যাওয়ার পথে রেললাইন পারাপারের সময় কেন বারবার এমন দুর্ঘটনা ঘটছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। রেললাইন সংলগ্ন এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা, সতর্কতামূলক প্রচার এবং নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

দুটি পরিবারের স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গেল। প্রশ্ন উঠছে, আর কত কিশোর-কিশোরীর প্রাণ গেলে রেললাইন পারাপারের নিরাপত্তা নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে?

 

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!