Skip to content

বড়খলায় শুরু হচ্ছে ‘বিএফএল সিজন-৩’, সম্পন্ন হলো ১২৯ জন ক্রিকেট খেলোয়াড়ের মেগা নিলাম

বড়খলায় শুরু হচ্ছে ‘বিএফএল সিজন-৩’, সম্পন্ন হলো ১২৯ জন ক্রিকেট খেলোয়াড়ের মেগা নিলাম

বড়খলা, ২৫ নভেম্বর: আইপিএলের আদলে কাছাড়ের বড়খলায় আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট ‘বড়খলা ফ্যান্টাসি লিগ (বিএফএল) সিজন-৩’। টুর্নামেন্টটি পরিচালনা করবে বড়খলা সেন্ট্রাল ক্লাব। এই মেগা আসরকে সামনে রেখে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো খেলোয়াড়দের মেগা নিলাম বা প্লেয়ার অকশন।


মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বড়খলা তেমাথা সংলগ্ন এলাকায় এই জমকালো নিলাম অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিনের নিলাম অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন আবু হানিফ নোমান বড়ভুইয়া। নিলামে সর্বমোট ১২৯ জন খেলোয়াড়ের নাম ওঠে।

 

অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। শক্তিশালী দল গঠনের লক্ষ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তাদের পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে তুমুল দর কষাকষিতে অংশ নেয়।

এবারের নিলামে সর্বোচ্চ ১০ হাজার ৫০০ কয়েন মূল্যে যৌথভাবে শীর্ষে রয়েছেন বড়খলার সাজন বড়ভুইয়া ও জাহিদ লস্কর। এর মধ্যে সাজন বড়ভুইয়াকে দলে ভিড়িয়েছে ‘হায়াত ব্রাদার্স’ এবং জাহিদ লস্করকে কিনে নিয়েছে ‘বি এস কে’ (BSK)। এছাড়া ৬ হাজার ৫০০ কয়েন মূল্যে অভিষেক দেব পলকে দলে নিয়েছে ‘শালচাপরা বাঘলিঙ্গা টিম’।
মেগা নিলাম অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য মুমিন রাজ বড়ভুইয়া, সাজন বড়ভুইয়া, জাফর বড়ভুইয়া, আমিরুল হাসান বড়ভুইয়া এবং হেমন্ত সিং।

 

১২৯ জন খেলোয়াড়ের নিলাম প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বিএফএল সিজন-৩-এর মূল পর্বের আনুষ্ঠানিক সূচনা হলো। এখন আগামী ৩০ নভেম্বর থেকে মাঠের চার-ছক্কার রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় প্রহর গুনছেন এলাকার ক্রিকেটপ্রেমীরা।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!