নিউ হারাঙ্গাজাও রেলস্টেশনে হেরোইন-সহ দুইজন গ্রেফতার

নিউ হারাঙ্গাজাও, ২ নভেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে নিউ হারাঙ্গাজাও রেলস্টেশনে হেরোইন-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ও স্থানীয় পুলিশ। সোমবার রাতের দিকে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, সোমবার ভোররাত প্রায় ২টা ৫৫ মিনিটে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই অভিযান চালানো হয়।
ধৃতদের পরিচয় হানিশা খাতুন, স্বামী স্টিনবল, এবং ব্লেরিফুল ইসলাম, পিতা মহম্মদ আব্দুল কাসিম হিসেবে উল্লেখ করা হয়েছে। দু’জনেরই বাড়ি ডিমা হাসাও জেলার মাইবং থানাধীন এলাকায় বলে জানা গেছে।
তল্লাশিতে তাঁদের কাছ থেকে দুটি প্লাস্টিকের সাবানের কৌটায় রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। প্রথম প্যাকেটের ওজন প্রায় ১৪.৮০ গ্রাম এবং দ্বিতীয়টির ওজন ১৬.০৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ৩০.৮৭ গ্রাম।

মাদক ছাড়াও একটি ট্রেনের টিকিট, দুটি রেডমি মোবাইল ফোন এবং নগদ ৪,৭৬০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া টিকিটটির নম্বর AZA 36002232। সেটি শিলচর থেকে চাপারমুখ পর্যন্ত যাত্রার জন্য ইস্যু করা হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।
স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই বাজেয়াপ্তির কাজ করা হয় বলে জানা গেছে। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।








