হরমুজ প্রণালীতে নতুন বিপদ! লিমপেট মাইনে আক্রান্ত ২৭ ভারতীয় নাবিক-সহ তেলবাহী ট্যাঙ্কার
ইঞ্জিনরুমে আগুন, অল্পের জন্য রক্ষা নাবিকদের; নিরাপদ রয়েছেন ২৭ ভারতীয়
নয়াদিল্লি, ৩১ অক্টোবর: পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ২৭ জন ভারতীয় নাবিক-সহ একটি পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। ‘এমটি লুইস ১’ (MT LOUISE 1) নামের জাহাজটিতে লিমপেট মাইন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে সামুদ্রিক নিরাপত্তা সূত্রের খবর। বিস্ফোরণের জেরে জাহাজের ইঞ্জিনরুমে আগুন ধরে যায়। তবে নাবিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ট্যাঙ্কারে থাকা ২৭ জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন। কারও কোনও আঘাত লাগেনি। পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি জাহাজ পরিচালনাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সরকার।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি ছোট নৌযান থেকে জাহাজের গায়ে দুটি লিমপেট মাইন লাগানো হয়েছিল। বিস্ফোরণের ফলে ইঞ্জিনরুমে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে জাহাজটির চলাচল ব্যাহত হয়। পরে আগুন নেভানো সম্ভব হলে জাহাজটি ফের গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে হরমুজ প্রণালীতে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনীর সামুদ্রিক বাণিজ্য সংক্রান্ত সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)। হামলার পিছনে কারা রয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি।
এদিকে, এর এক দিন আগেও একই জলপথে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি আরজানাহ’ (MT ARZANAH) নামে একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার হামলার মুখে পড়ে। ওই জাহাজে ছিলেন দুই ভারতীয় নাগরিক। মন্ত্রী জানিয়েছেন, তাঁরাও নিরাপদ রয়েছেন। অর্থাৎ, দু’টি পৃথক ঘটনায় মোট ২৯ জন ভারতীয় নাবিক আক্রান্ত জাহাজে থাকলেও সকলেই অক্ষত রয়েছেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ হরমুজ প্রণালী। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছয়। ফলে সেখানে বাণিজ্যিক জাহাজের উপর ধারাবাহিক হামলার ঘটনা আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।









