সেন্ট্রাল রোডে ব্লক বসিয়ে ফের তুলে নিল NHIDCL, পিচের কাজের আশ্বাসে ক্ষোভ।

সেন্ট্রাল রোডে ব্লক বসিয়ে ফের তুলে নিল NHIDCL, পিচের কাজের আশ্বাসে ক্ষোভ। তোপের মুখে কর্তৃপক্ষ।
সরকারি অর্থের অপচয়, নাকি অনিয়ম? তদন্তের দাবি ব্যবসায়ী-এলাকাবাসীর। সড়ক অবরোধ, তিন দিনের মধ্যে কাজ শুরু না হলে অনির্দিষ্টকালের আন্দোলনের হুঁশিয়ারি।

শিলচর, বৃহস্পতিবার: শিলচরের গুরুত্বপূর্ণ সেন্ট্রাল রোডের বেহাল দশা ঘিরে এবার সরব হলেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তার খানাখন্দ, ধুলোবালি ও যান চলাচলের সমস্যায় অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার ভাওয়াল পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় দেড় বছর ধরে সেন্ট্রাল রোডের বিভিন্ন অংশ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার গর্ত ও খানাখন্দের কারণে প্রতিদিন সমস্যায় পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা। ধুলোবালির কারণে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যকলাপও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ।

তবে বিক্ষোভের পাশাপাশি সড়কের কাজে ব্লক বসানো এবং পরবর্তীতে তা তুলে নেওয়ার বিষয়টি নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, সেন্ট্রাল রোডের একটি অংশে NHIDCL-এর পক্ষ থেকে ব্লক বসানো হয়েছিল। পরে পিচের কাজ করা হবে বলে সেই ব্লক তুলে নেওয়া হয়। তাঁদের প্রশ্ন—যদি শেষ পর্যন্ত পিচের কাজই করার পরিকল্পনা থাকে, তাহলে ব্লক বসিয়ে ফের তা তুলে নেওয়ার প্রয়োজন কেন হল?

এই ঘটনাকে কেন্দ্র করে **সরকারি অর্থের অপচয় হয়েছে কি না, কাজের পরিকল্পনা ও বাস্তবায়নে কোনও অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা। তাঁদের একাংশের অভিযোগ, গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। এমনকি ‘দুর্নীতির গন্ধ’ রয়েছে বলেও অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার ভাওয়াল পয়েন্ট এলাকায় সড়ক অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে বিভাগীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় *তিন দিনের মধ্যে সড়ক মেরামতের কাজ শুরু করার আশ্বাস* দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

তবে আন্দোলনকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, তিন দিনের মধ্যে কাজ শুরু না হলে চতুর্থ দিন থেকে ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করা হবে।

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের পাশাপাশি ব্লক বসানো ও তুলে নেওয়ার পুরো প্রক্রিয়া, সংশ্লিষ্ট ব্যয় এবং সড়ক মেরামতের পরিকল্পনা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জোরালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!