ডিমাপুর–কোহিমা রেলপথ প্রকল্পের কাজ পরিদর্শন, অগ্রগতি খতিয়ে দেখলেন আশিস বনসল

ডিমাপুর–কোহিমা রেলপথ প্রকল্পের কাজ পরিদর্শন, অগ্রগতি খতিয়ে দেখলেন আশিস বনসল নাগাল্যান্ড: নাগাল্যান্ডে ডিমাপুর–কোহিমা নতুন রেললাইন প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করলেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (কনস্ট্রাকশন) জেনারেল ম্যানেজার আশিস বনসল। ২৬ ও ২৭ সেপ্টেম্বর নাগাল্যান্ড সফরে গিয়ে তিনি প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্মাণস্থল ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। ৭৮.৪২ কিলোমিটার দীর্ঘ এই ডিমাপুর–কোহিমা নতুন রেললাইন প্রকল্পটি নাগাল্যান্ডের রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উদ্যোগ। রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রকল্পের মধ্যে এখনও পর্যন্ত ৩১.৩৩৯ কিলোমিটার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটিতে মোট ৩০টি মেজর ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৩টি সেতুর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি ১৫০টি মাইনর ব্রিজের মধ্যে ১৩৮টির নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও ৩১টি রোড আন্ডার ব্রিজ (RUB) এবং ৫টি রোড ওভার ব্রিজ (ROB) নির্মাণের কাজ চলছে। নতুন রেলপথে মোট আটটি স্টেশন থাকবে। স্টেশনগুলি হল— ধানসিরি, ধানসিরিপার, মলভোম, ফেরিমা, পিপিহেমা, মেঙ্গুজুমা, জুবজা এবং কোহিমা। পরিদর্শনকালে আশিস বনসল গুরুত্বপূর্ণ সেতু, টানেল এবং বিভিন্ন রেলস্টেশনের নির্মাণকাজ ঘুরে দেখেন। প্রকল্পের বিভিন্ন অংশের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নির্মাণের মান, নিরাপত্তা এবং নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড মেনে কাজ হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হয়। এরপর ২৮ সেপ্টেম্বর ডিমাপুর–গুয়াহাটি রেলপথের উইন্ডো ট্রেইলিং পরিদর্শন করেন বনসল। একইসঙ্গে লামডিং–ফুরকাটিং ডাবল লাইন প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করেন তিনি। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল প্রকল্পগুলির নির্মাণকাজ নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই এই পরিদর্শন। ডিমাপুর–কোহিমা রেললাইন প্রকল্প সম্পন্ন হলে নাগাল্যান্ডের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে এবং রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আগামীকাল শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আগামীকাল শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিক সম্মেলনে জানাল কাছাড় জেলা বিজেপি। শিলচর: শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে বুধবার শিলচরে নির্বাচনী প্রচারে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে এটাই তাঁর প্রথম শিলচর সফর বলে জানিয়েছেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী কৌশিক রায় জানান, সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার হাত ধরে পুরনিগম নির্বাচনের জন্য দলের ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়েছে। গত কয়েকদিন ধরে দলীয় প্রচারসভায় শিলচরের উন্নয়নকে সামনে রেখে সেই সংকল্প পত্রের বিষয়বস্তু সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। মন্ত্রী বলেন, “শিলচরকে নিয়ে মুখ্যমন্ত্রীর অনেক স্বপ্ন ও ভিশন রয়েছে। আগামীকালের সভায় তিনি শিলচরের উন্নয়ন নিয়ে তাঁর পরিকল্পনা ও ভাবনার কথা বিস্তারিতভাবে তুলে ধরবেন।” কৌশিক রায় জানান, বুধবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী সরাসরি বরাক ভ্যালি অসম সচিবালয়ে যাবেন। সেখানে বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও দেখা করবেন। এরপর বিকেল ৪টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী আরও দাবি করেন, বরাক উপত্যকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে রাজ্য সরকার কাজ করে চলেছে। শিলচরের উন্নয়নকে ঘিরে সরকারের একাধিক পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে সাংবাদিক সম্মেলনে SIR (Special Intensive Revision) ইস্যুতে কংগ্রেসের অভিযোগেরও জবাব দেন সাংসদ কণাদ পুরকায়স্থ। তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে কংগ্রেস রাজনৈতিক অভিযোগ তুলছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যপ্রক্রিয়ার অংশ হিসেবেই SIR করা হচ্ছে। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, নির্বাচনে সাফল্য এলে দলটি নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলে না, কিন্তু বিজেপি জয়ী হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক ডাঃ রাজদীপ রায় এবং বিধায়ক রাজদীপ গোয়ালা।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কাছাড়ে পুলিশের বিশেষ প্রস্তুতি

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কাছাড়ে পুলিশের বিশেষ প্রস্তুতি শিলচর: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন শিলচর সফরকে কেন্দ্র করে কাছাড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলার পুলিশকর্মীদের নিয়ে বিশেষ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে শিলচর পুলিশ গ্রাউন্ডে। ব্রিফিংয়ে মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে আইনশৃঙ্খলা (L&O) সংক্রান্ত প্রোটোকল, বাড়তি সতর্কতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন কাছাড়ের এসএসপি পার্থ প্রথীম দাস । সফর চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ এলাকা ও স্থানগুলিতে নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী সরাসরি বরাক ভ্যালি অসম সচিবালয়ে যাবেন। সেখানে বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এরপর বিকেল ৪টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। পুর নিগম নির্বাচনকে সামনে রেখে তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে কাছাড় জেলা পুলিশের এই বিশেষ প্রস্তুতির মাধ্যমে সম্ভাব্য যেকোনও পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করা হচ্ছে।

শিলচরে অগপ সভাপতি অতুল বরার বৈঠক, আগামীকাল আসছেন মুখ্যমন্ত্রী

৩ অক্টোবরের শিলচর পুরনিগম নির্বাচন: শিলচরে অগপ সভাপতি অতুল বরার বৈঠক, আগামীকাল আসছেন মুখ্যমন্ত্রী নিজস্ব প্রতিবেদন, শিলচর: ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার শিলচরে বিজেপির কাছাড় জেলা সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে মিত্রদল বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করেন অসম গণ পরিষদ (অগপ)-এর সভাপতি অতুল বরুয়া। বৈঠকে বিজেপি নেতা তথা মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাড পুরকায়স্থ, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা-সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। ৩ অক্টোবরের পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারের অগ্রগতি এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এনডিএ-র পক্ষে সমন্বয় ও ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান অতুল বরুয়া। এদিকে নির্বাচনী প্রচারে আগামীকাল, **৩০ সেপ্টেম্বর শিলচরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা**। শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী একটি বিজেপি সমাবেশে বক্তব্য রাখবেন বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। শিলচর পুরনিগমের ৪২টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে ৩ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগণনা হবে ৬ অক্টোবর। ইতিমধ্যেই দুটি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রীর সফর এবং অতুল বরুয়ার সঙ্গে বিজেপি নেতৃত্বের বৈঠকের ফলে নির্বাচনের শেষ পর্যায়ে শিলচরে এনডিএ-র প্রচারে নতুন গতি আসতে পারে বলে দলীয় সূত্রে প্রত্যাশা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের TVK-র এন্ট্রি! পূর্ব বর্ধমানে খুলল প্রথম দলীয় কার্যালয়।

পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের TVK-র এন্ট্রি! পূর্ব বর্ধমানে খুলল প্রথম দলীয় কার্যালয়। পূর্ব বর্ধমান: দক্ষিণী সুপারস্টার তথা রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (TVK) এবার পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের পথে। পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TVK-এর পশ্চিমবঙ্গের রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায়, সঞ্জয় ডি-সহ বিভিন্ন জেলার দলীয় সদস্য ও সমর্থকেরা। ফাগুপুরে কার্যালয় খোলার মধ্য দিয়ে রাজ্যে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলে TVK নেতৃত্বের দাবি। তবে প্রাথমিক পর্যায়ে সরাসরি নির্বাচনী রাজনীতির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব। শিক্ষা, চাকরি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে সংগঠন বিস্তারের কথা জানানো হয়েছে। বাংলার বিভিন্ন জেলায় সংগঠন গড়ে তোলার পাশাপাশি সদস্য সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচি চালানোর পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গে TVK নির্বাচনে অংশ নেবে কি না, তা দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, তামিলনাড়ুর গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠন তৈরির কাজ শুরু করল থালাপতি বিজয়ের

অরুণাচলের চাংলাংয়ে জঙ্গি হামলায় অসম রাইফেলসের হাবিলদার নিহত, আহত ৪।

অরুণাচলের চাংলাংয়ে জঙ্গি হামলায় অসম রাইফেলসের হাবিলদার নিহত, আহত ৪। ২৯ সেপ্টেম্বর, ২০২৬: অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মায়ানমার সীমান্তের কাছে সন্দেহভাজন জঙ্গি হামলায় অসম রাইফেলসের এক হাবিলদার নিহত হয়েছেন। ঘটনায় আরও চারজন জওয়ান আহত হয়েছেন। নিহত জওয়ানের নাম হাবিলদার জাংখোখাই কুকি, বয়স ৪২ বছর। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ সকালে প্রায় সাড়ে ৬টা নাগাদ নামপং সার্কেলের নামপং নাল্লার কাছে ২১ অসম রাইফেলসের একটি টহলদার দল এলাকায় দায়িত্ব পালন করছিল। ওই এলাকায় ভারত-মায়ানমার সীমান্তে বেড়া নির্মাণের কাজও চলছিল। সেই সময় আচমকা সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা টহলদার দলের উপর গুলি চালায় বলে পুলিশ ও সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। হামলায় হাবিলদার জাংখোখাই কুকি ঘটনাস্থলেই প্রাণ হারান বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আহত চার জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। হামলার পর অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। NSCN-K-YA জড়িত থাকার সন্দেহ, নিশ্চিত নয় প্রাথমিক রিপোর্টে হামলার পিছনে NSCN-K-YA-র সদস্যদের হাত থাকার সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে এখনও হামলাকারীদের পরিচয় বা কোনও নির্দিষ্ট সংগঠনের involvement আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। চাংলাংয়ের ভারত-মায়ানমার সীমান্ত এলাকা বিভিন্ন নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর গতিবিধির কারণে সংবেদনশীল হিসেবে পরিচিত। শহিদ জওয়ানকে অসম রাইফেলসের শ্রদ্ধা হাবিলদার জাংখোখাই কুকির আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেছে অসম রাইফেলস। বাহিনীর ডিজি লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা, AVSM, SM এবং অসম রাইফেলসের সমস্ত পদমর্যাদার সদস্যরা তাঁকে শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাহিনীর বার্তায় বলা হয়েছে, কর্তব্য পালনের সময় হাবিলদার জাংখোখাই কুকি দেশের জন্য “সর্বোচ্চ আত্মত্যাগ” করেছেন এবং অসম রাইফেলস তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে রয়েছে। চাংলাংয়ে এই হামলার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হামলার পূর্ণাঙ্গ কারণ, হামলাকারীদের পরিচয় এবং আহত জওয়ানদের বর্তমান পরিস্থিতি নিয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।

পাথারকান্দির চান্দখিরায় ২য় স্ত্রীর লাঠির আঘাতে খুন শিলচরের ফেরিওয়ালা। ভোর রাতে পালিয়ে যাওয়ার পথে আটক স্ত্রী। 

পাথারকান্দির চান্দখিরায় ২য় স্ত্রীর লাঠির আঘাতে খুন শিলচরের ফেরিওয়ালা। ভোর রাতে পালিয়ে যাওয়ার পথে আটক স্ত্রী। পাথারকান্দি: পাথারকান্দি থানার অন্তর্গত চান্দখিরায় এক ফেরিওয়ালা খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম আব্দুল কাদির লস্কর। তিনি শিলচরের মধুরবন্দ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী রাসনা বেগমকে গ্রেফতার করেছে পাথারকান্দি থানার পুলিশ। রাসনা জানান, ত্রিপুরার ধর্মনগরের পশ্চিম সাকাইবাড়ির বাসিন্দা রাসনা বেগমের সঙ্গে রেলে যাত্রার সময় আব্দুল কাদিরের পরিচয় হয়। পরবর্তীতে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং ধর্মীয় রীতিনীতি মেনে কাজির মাধ্যমে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর দেড় মাস ধরে তাঁরা পাথারকান্দির চান্দখিরায় একটি ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। আব্দুল কাদির ফেরি করে কবিরাজি ওষুধ বিক্রি করতেন। তাঁর শিলচরে আরও এক স্ত্রী ও এক সন্তান রয়েছে বলেও জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, রবিবার রাতে রাসনা বেগম তাঁর স্বামীকে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে আব্দুলের মৃত্যু হয়। এরপর সোমবার ভোররাতে ঘরে তালা লাগিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ঘরে প্রবেশ করে তল্লাশি চালান। এরপর ভেতরে আব্দুল কাদিরের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে রাসনা বেগমকে আটক করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও ২লাঠি উদ্ধার করে পুলিশ। পরে মেজিস্ট্রেটের উপস্থিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি রাসনা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে সংবাদমাধ্যমের সামনে আব্দুল কাদিরকে লাঠি দিয়ে আঘাত করার কথা স্বীকার করেছেন রাসনা বেগম। তার অভিযোগ, আব্দুল তাকে বিয়ের পর শারীরিক ও পাশবিক নির্যাতন চালাতো। এদিন আব্দুল নিজে আঘাতপ্রাপ্ত হয়ে তাঁকে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করলে তিনি লাঠি দিয়ে জোরে আঘাত করেন। তাঁর এই স্বীকারোক্তিকে কেন্দ্র করে ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সম্পূর্ণ রহস্য ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে।

জিরিবামে হিউম পাইপে আটকে ৫ বছরের শিশু, পুলিশ-রেডক্রসের যৌথ অভিযানে উদ্ধার

জিরিবামে হিউম পাইপে আটকে ৫ বছরের শিশু, পুলিশ-রেডক্রসের যৌথ অভিযানে উদ্ধার বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে পাইপ বের করে দীর্ঘ প্রচেষ্টার পর অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার। জিরিবাম, ২৮ সেপ্টেম্বর: জিরিবামে হিউম পাইপের ভিতরে আটকে পড়া পাঁচ বছরের এক শিশুকে দীর্ঘ প্রচেষ্টার পর অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জিরিবাম পুলিশ ও ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির যৌথ উদ্ধার অভিযানে শিশুটিকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। জানা গেছে, খেলতে গিয়ে শিশুটি হিউম পাইপের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সে পাইপের ভিতরে আটকে যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিরিবাম পুলিশ ও রেডক্রসের উদ্ধারকারী দল। প্রথমে বিভিন্নভাবে শিশুটিকে বের করে আনার চেষ্টা করা হয়। বেশ কিছুক্ষণ প্রচেষ্টা চালিয়েও সফলতা না মেলায় শেষ পর্যন্ত বুলডোজারের সাহায্যে মাটি খুঁড়ে হিউম পাইপটি বের করার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর পাইপের ভিতর থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে। পুলিশ ও রেডক্রসের সমন্বিত তৎপরতায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হওয়ায় পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশ ও রেডক্রসের সদস্যদের প্রশংসা করেছেন স্থানীয়রা।

রাতে গরু চুরি করে সকালেই গো-মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১

কাটাখালে গরু চুরির ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার। রাতে গরু চুরি করে সকালেই গো-মাংস বিক্রির অভিযোগ। সিসিটিভি ফুটেজ ও গাড়ির সূত্র ধরে ১৫ দিনের তদন্তে সাফল্য ধলাই পুলিশের; আরও অভিযুক্তদের ধরার দাবি এলাকাবাসীর। কাবুগঞ্জ , ২৭ সেপ্টেম্বর: ধলাইয়ের কাটাখাল এলাকায় গরু চুরির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জাবেদ হুসেন বড়ভূঁইয়া। সিসিটিভি ফুটেজ এবং চুরিতে ব্যবহৃত গাড়ির সূত্র ধরে দীর্ঘ তদন্তের পর সোনাবাড়িঘাট এলাকার তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযোগ মতে, গত ১০ সেপ্টেম্বর রাত প্রায় পৌনে ২টা নাগাদ কাটাখাল এলাকায় একটি বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে দুই ব্যক্তি ও এক গাড়িচালক একটি আই-১০ গাড়িতে করে এসে বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায়। পরদিন গরুর মালিক ধলাই থানায় এজাহার দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে ধলাই থানার পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চুরিতে ব্যবহৃত গাড়িটির সন্ধান পান তদন্তকারীরা। তদন্তে জানা যায়, ঘটনার মাত্র পাঁচ দিন আগে গাড়িটি সোনাইয়ের নগদীরগ্রাম তৃতীয় খণ্ড এলাকা থেকে জাবেদ কিনেছিল। এরপর গাড়িটির আগের মালিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। সুত্রের তথ্য মতে, ওই গাড়িটিই ব্যবহার করে কাটাখাল থেকে গরু চুরির ঘটনা ঘটানো হয়েছিল। এরপর প্রায় ১৫ দিন ধরে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধির ওপর নজর রাখে পুলিশ। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে শনিবার রাতে সোনাবাড়িঘাটের দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে জাবেদ হুসেন বড়ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। স্থানীয় সুত্রের দাবি, অভিযুক্ত ব্যক্তি মাঝে মধ্যে পুরনো গাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত । গরু চুরির ঘটনায় তাঁর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলেও সন্দেহ রয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জাবেদকে ওই এলাকায় পরিচিত গোমাংস ব্যবসায়ী হিসেবে দাবি করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে এসেছে কি না তা এখনো পরিষ্কার নয়। এলাকাবাসীর দাবি, শুধু একজনকে গ্রেফতার করলেই হবে না—গরু চুরির সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আজ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলে পাঠিয়েছে।

গুয়াহাটিতে CJP-র কর্মসূচি ঘিরে উত্তেজনা, আশুতোষ রাংকা-সহ ৫০ জন আটক

গুয়াহাটিতে CJP-র কর্মসূচি ঘিরে উত্তেজনা, আশুতোষ রাংকা-সহ ৫০ জন আটক SIR-এর প্রতিবাদ ও CEC-র পদত্যাগের দাবিতে কর্মসূচি; নির্ধারিত এলাকায় প্রবেশে পুলিশি বাধার অভিযোগ গুয়াহাটি, ২৭ সেপ্টেম্বর: ভোটার তালিকার চলমান Special Intensive Revision (SIR)-এর প্রতিবাদ এবং মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সামনে রেখে গুয়াহাটিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। দলটির অভিযোগ, নির্ধারিত কর্মসূচির আগে থেকেই পুলিশ এলাকায় অবস্থান নেয় এবং দলের সদস্য ও সমর্থকদের একে একে জড়ো হতে এবং কর্মসূচির এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়। কর্মসূচিতে আসা দলের কেন্দ্রীয় কো-কনভেনর আশুতোষ রাংকা, ইস্ট ও নর্থ-ইস্ট জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা অঙ্কিত ভরদ্বাজ, শেখ সাহিল উদ্দিন শাহ, মিন্টু দাস-সহ মোট ৫০ জনকে পুলিশ আটক করেছে। এর আগে CJP ২৭ সেপ্টেম্বর গুয়াহাটিতে দলের আঞ্চলিক কর্মী-সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেছিল। আশুতোষ রাংকা গুয়াহাটিতে পৌঁছে ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় খড়গ চৌধুরী রোডের Assam Shree Parshuram Seva Sadan-এ দলের আঞ্চলিক স্বেচ্ছাসেবক সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। গত ২৪ সেপ্টেম্বর গুয়াহাটি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে CJP-র ইস্ট ও নর্থ-ইস্ট জোনের দায়িত্বপ্রাপ্ত অঙ্কিত ভরদ্বাজ চলমান SIR নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, CJP মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা ঘোষণা করেছিল এবং দাবি পূরণ না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল। CJP-র অভিযোগ, SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ১৭ কোটি মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংগঠনটি এই প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি দাবি করছে। অন্যদিকে, এই অভিযোগগুলিকে CJP-র রাজনৈতিক অবস্থান ও দাবি হিসেবে দেখা হচ্ছে; ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত অভিযোগের পূর্ণাঙ্গ সরকারি তথ্যের ভিত্তিতেই এর বাস্তব প্রভাব নির্ধারণ করা সম্ভব। অসমে CJP-র সাম্প্রতিক কার্যক্রমও ক্রমশ বিস্তৃত হচ্ছে। ২৩ সেপ্টেম্বর অঙ্কিত ভরদ্বাজ, আকাশ প্রেম, বরুণ আগরওয়াল ও আনাম-সহ দলের চার জাতীয় পর্যায়ের সদস্য গুয়াহাটিতে পৌঁছেছিলেন বলে জানা যায়। এদিকে ২৬ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে দেওয়া বক্তব্যে আশুতোষ রাংকা জানান, অসমে SIR-এর ফলে প্রভাবিত পরিবারগুলির বিভিন্ন সমস্যা নিয়ে তাঁরা আলোচনা করবেন। আজকের কর্মসূচিকে ঘিরে পুলিশি বাধা ও ৫০ জনকে আটকের অভিযোগ সামনে আসায় গুয়াহাটিতে রাজনৈতিক কর্মসূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

error: Content is protected !!