ডিমাপুর–কোহিমা রেলপথ প্রকল্পের কাজ পরিদর্শন, অগ্রগতি খতিয়ে দেখলেন আশিস বনসল

নাগাল্যান্ড: নাগাল্যান্ডে ডিমাপুর–কোহিমা নতুন রেললাইন প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করলেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (কনস্ট্রাকশন) জেনারেল ম্যানেজার আশিস বনসল। ২৬ ও ২৭ সেপ্টেম্বর নাগাল্যান্ড সফরে গিয়ে তিনি প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্মাণস্থল ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
৭৮.৪২ কিলোমিটার দীর্ঘ এই ডিমাপুর–কোহিমা নতুন রেললাইন প্রকল্পটি নাগাল্যান্ডের রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উদ্যোগ। রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রকল্পের মধ্যে এখনও পর্যন্ত ৩১.৩৩৯ কিলোমিটার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পটিতে মোট ৩০টি মেজর ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৩টি সেতুর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি ১৫০টি মাইনর ব্রিজের মধ্যে ১৩৮টির নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও ৩১টি রোড আন্ডার ব্রিজ (RUB) এবং ৫টি রোড ওভার ব্রিজ (ROB) নির্মাণের কাজ চলছে।
নতুন রেলপথে মোট আটটি স্টেশন থাকবে। স্টেশনগুলি হল— ধানসিরি, ধানসিরিপার, মলভোম, ফেরিমা, পিপিহেমা, মেঙ্গুজুমা, জুবজা এবং কোহিমা।
পরিদর্শনকালে আশিস বনসল গুরুত্বপূর্ণ সেতু, টানেল এবং বিভিন্ন রেলস্টেশনের নির্মাণকাজ ঘুরে দেখেন। প্রকল্পের বিভিন্ন অংশের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নির্মাণের মান, নিরাপত্তা এবং নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড মেনে কাজ হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হয়।
এরপর ২৮ সেপ্টেম্বর ডিমাপুর–গুয়াহাটি রেলপথের উইন্ডো ট্রেইলিং পরিদর্শন করেন বনসল। একইসঙ্গে লামডিং–ফুরকাটিং ডাবল লাইন প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করেন তিনি।
নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল প্রকল্পগুলির নির্মাণকাজ নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই এই পরিদর্শন। ডিমাপুর–কোহিমা রেললাইন প্রকল্প সম্পন্ন হলে নাগাল্যান্ডের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে এবং রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।








