Skip to content

ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে ২,০১৪ কোটি টাকার অনুমোদন, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শিলচরে বিজেপির কৃতজ্ঞতা র‍্যালি

ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে ২,০১৪ কোটি টাকার অনুমোদন, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শিলচরে বিজেপির কৃতজ্ঞতা র‍্যালি

শিলচর, ২৬ নভেম্বর: কাছাড় জেলার ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য ২,০১৪ কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। বরাক উপত্যকার দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্পের অনুমোদনকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল বিজেপি। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত হয় কৃতজ্ঞতা সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়িতে গিয়ে শেষ হয় এই কর্মসূচি। বিজেপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, বিধায়ক কিশোর নাথ, রাজদীপ গোয়ালা ও অমিও কান্তি দাস, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিরিদার-সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য ২,০১৪ কোটি টাকার অনুমোদন বরাক উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে। প্রস্তাবিত বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন, রানওয়ে এবং যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধির বিষয়েও তিনি আলোকপাত করেন।

অন্যদিকে, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা এবং মন্ত্রী কৌশিক রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত বরাক উপত্যকার উন্নয়নের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।

সমাবেশ শেষে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে র‍্যালিতে অংশ নেন উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা। বক্তাদের আশাবাদ, প্রস্তাবিত বিমানবন্দর বাস্তবায়িত হলে বরাক উপত্যকার যোগাযোগ, বাণিজ্য, পর্যটন এবং সামগ্রিক অর্থনৈতিক বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!