বিজেপির কৃতজ্ঞতা র্যালি ঘিরে কংগ্রেস নেতা সঞ্জীব রায়ের কটাক্ষ, ‘ডলুর চা শ্রমিকদেরই প্রকৃত ধন্যবাদ জানানো উচিত ছিল’

শিলচর, ২৬ নভেম্বর: ডলু চা বাগানে ২,০১৪ কোটি টাকা ব্যয়ে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের অনুমোদনকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার শিলচরে বিজেপির উদ্যোগে আয়োজিত হয় কৃতজ্ঞতা র্যালি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচি পালন করে বিজেপি। তবে এই র্যালিকে ঘিরেই এবার প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা সঞ্জীব রায়।
সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে সঞ্জীব রায় ডলু চা বাগানের শ্রমিকদের প্রতি সমবেদনা জানান। তাঁর বক্তব্য, বিমানবন্দর নির্মাণের জন্য যাঁদের জীবিকা ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই দরিদ্র চা শ্রমিকদেরই প্রকৃত সম্মান ও ধন্যবাদ জানানো উচিত ছিল।
তিনি প্রশ্ন তোলেন, বিজেপির এই কৃতজ্ঞতা র্যালিতে ডলু চা বাগানের সেই হাজার হাজার দরিদ্র শ্রমিককে কেন সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হলো না? তাঁর কথায়, যাঁদের জমি ও জীবিকার সঙ্গে এই বিমানবন্দর প্রকল্পের ইতিহাস জড়িয়ে রয়েছে, তাঁরাই এই তথাকথিত সাফল্যের প্রকৃত দাবিদার।
সঞ্জীব রায়ের আরও বক্তব্য, ডলুর বহু দরিদ্র চা শ্রমিকের পক্ষে জীবনে কখনও বিমানে চড়া তো দূরের কথা, বিমানে চড়ার স্বপ্ন দেখাও কঠিন। অথচ তাঁদের জীবন ও বাস্তবতাকে উপেক্ষা করেই বিমানবন্দর প্রকল্পের সাফল্য উদযাপন করা হচ্ছে।
তিনি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, প্রকল্পের অনুমোদনের প্রথম দিনেই কেন সেই শ্রমিকদের উপেক্ষা করা হলো?
উল্লেখ্য, ডলু চা বাগানে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ঘিরে ২০২২ সাল থেকেই জমি, চা গাছ উচ্ছেদ ও শ্রমিকদের জীবিকা নিয়ে বিতর্ক চলে আসছে। ফলে ২,০১৪ কোটি টাকার প্রকল্পের অনুমোদন বরাক উপত্যকার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করলেও, পুরনো ক্ষত ও শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নও নতুন করে সামনে উঠে আসছে। যদিও উচ্ছেদিতদেরকে পুরনর্বাসনের ব্যবস্থা করেছে প্রশাসন।






Leave a comment