কুশিয়ারা নদীতে মিলল নিখোঁজ বিএসএফ জওয়ানের দেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারা নদী থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান কে. ভেনুরের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে শ্রীভূমি জেলার স্টিমারঘাট এলাকায় নদী থেকে তাঁর দেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা।
জানা গেছে, গত রবিবার রাতে বাংলাদেশি মহিষ পাচারকারীদের আটক করতে সীমান্ত এলাকায় অভিযান চালাচ্ছিলেন বিএসএফের জওয়ান কে. ভেনুর। সেই অভিযান চলাকালীন কোনওভাবে তিনি নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই তাঁর সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে বিএসএফ।

প্রথমদিকে নদীর জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হলেও পরবর্তী সময়ে তাঁকে অপহরণ করে বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া হয়েছে কি না, তা নিয়েও নানা প্রশ্ন দেখা দেয়। এদিকে, সোমবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ বিএসএফ জওয়ানের বাংলাদেশে অবস্থানের বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।
অবশেষে বুধবার সকালে কুশিয়ারা নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধারের পর ঘটনায় নতুন করে রহস্য ঘনীভূত হয়েছে। কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। নদীতে তলিয়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
ইতিমধ্যে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং নিখোঁজ হওয়ার পেছনের পরিস্থিতি জানতে তদন্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট মহল। ময়নাতদন্ত ও তদন্তের রিপোর্ট সামনে এলেই বিএসএফ জওয়ানের মৃত্যুর প্রকৃত ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।





Leave a comment