কোকরাঝাড়ে দুই শীর্ষ (IPS) আধিকারিকের মধ্যে হাতাহাতির অভিযোগ, আহত SSP

কোকরাঝাড়, ২৪ নভেম্বর: অসম পুলিশের অন্দরমহলে চাঞ্চল্যকর ঘটনা। কোকরাঝাড়ে গভীর রাতে এক অনুষ্ঠানে দুই সিনিয়র IPS আধিকারিকের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় কোকরাঝাড়ের সিনিয়র পুলিশ সুপার (SSP) অক্ষত গর্গ আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিশের শীর্ষ মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোকরাঝাড়ের সারাইখোলা এলাকার সপ্তম অসম পুলিশ ব্যাটেলিয়ন প্রাঙ্গণে একটি নৈশ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন SSP অক্ষত গর্গ। সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) ওয়াই টি গেতসু। অনুষ্ঠান চলাকালীন কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুই আধিকারিকের মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, পরবর্তীতে সেই বিবাদ হাতাহাতিতে গড়ায়। এতে SSP অক্ষত গর্গ গুরুতরভাবে আহত হন বলে খবর।
ঘটনাটি অসম পুলিশের সদর দফতরে পৌঁছানোর পর বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অসম পুলিশের মহাপরিচালক (DGP) দুই আধিকারিকের মধ্যে মধ্যস্থতা করে বিবাদ মিটিয়ে ফেলার দায়িত্ব দেন সিনিয়র IPS আধিকারিক সুরেন্দ্র কুমারকে।
তবে এই ঘটনাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে বিভাগীয় তদন্তের বিষয়টি নিয়ে। অভিযোগ, ঘটনার পর আনুষ্ঠানিক তদন্তের পরিবর্তে দুই আধিকারিকের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ পুলিশকর্মীদের ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠলে যেখানে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, সেখানে দুই শীর্ষ IPS আধিকারিকের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল।





Leave a comment