নগাঁও উপনির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ, গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী শিবামণি বরা

গুয়াহাটি, ২৪ নভেম্বর: নগাঁও লোকসভা কেন্দ্রের ২০২৬ সালের উপনির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস প্রার্থী শিবামণি বরা। বিজেপি প্রার্থী দেবাশিস শর্মার নির্বাচনী জয় বাতিলের দাবিতে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর অধীনে আদালতে নির্বাচনী আবেদন দায়ের করেছেন তিনি।
আবেদনে নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন শিবামণি বরা। তাঁর অভিযোগ, নির্বাচনের সময় সরকারি আধিকারিকদের প্রভাবিত করা হয়েছিল। পাশাপাশি কংগ্রেসের পোলিং এজেন্টদের হুমকি দিয়ে ভোটকেন্দ্র থেকে সরিয়ে দেওয়া, বিভিন্ন ভোটকেন্দ্র দখল এবং ভোটারদের মধ্যে অর্থ বিতরণের মতো ঘটনাও ঘটেছে।
কংগ্রেস প্রার্থীর দাবি, নির্বাচনী অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশন এবং জেলা নির্বাচনী কর্তৃপক্ষকে আগেই লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে শেষ পর্যন্ত ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
অসম প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগের সভাপতি বেদব্রত বরা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।





Leave a comment