Skip to content

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, প্রত্যর্পণ ছাড়া প্রত্যাবর্তন নয় বলে জানাল ঢাকা

 

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, প্রত্যর্পণ ছাড়া প্রত্যাবর্তন নয় বলে জানাল ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন করে উত্তেজনা। ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজ্জাম্মেল আলী। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা শুধু দেশে ফেরার ইচ্ছাই প্রকাশ করেননি, তাঁকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে নিতে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ব্যবস্থারও দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট তাঁকে বাংলাদেশের বিমানেই ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই দেশে ফেরানোর দায়িত্বও বর্তমান সরকারের।

তবে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের দাবিকে কার্যত নাকচ করে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। তাঁর দেশে ফেরার ক্ষেত্রে গ্রেফতারি ও কঠোর নিরাপত্তার মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। যদিও শেখ হাসিনা এই অভিযোগ ও রায় প্রত্যাখ্যান করেছেন।

এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সংঘর্ষ ও অস্থিরতার খবরও সামনে এসেছে।

সব মিলিয়ে ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। তবে তাঁর দেশে ফেরা এখনও নিশ্চিত নয়; প্রত্যর্পণ ও আইনি জটিলতাই বড় বাধা হয়ে রয়েছে।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!