পশু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বাংলাদেশে নিখোঁজ বিএসএফ জওয়ান

সীমান্তে গরু পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে পড়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান।
সীমান্ত এলাকায় পশু পাচারকারীদের তৎপরতা রুখতে গিয়ে এক বিএসএফ জওয়ানের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল ভারত-বাংলাদেশ সীমান্তে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়েই নিখোঁজ হয়ে পড়েন ওই বিএসএফ কনস্টেবল।
ঘটনাটি কাছাড় জেলার কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকির কাছে। বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল (জেনারেল ডিউটি) কে ভেনু (৩০) সেখানে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২২ ও ২৩ নভেম্বরের মধ্যবর্তী রাতে সীমান্ত দিয়ে চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারী যাতায়াত করছে বলে বিএসএফের কাছে গোয়েন্দা সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু তাঁদের আটক করতে অভিযানে নামেন।

অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিরা বিএসএফের নজরে পড়লে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তাদের পিছু নিতে দুই জওয়ানও নদীতে নামেন। এই সময় পাচারকারীরা পাঁচটি মহিষ ফেলে পালিয়ে যায় বলে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব কোনওক্রমে সাঁতরে নদীর তীরে ফিরে আসতে সক্ষম হলেও কে ভেনুর আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।
প্রথমদিকে নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে তাঁকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং নদীপথে গরু পাচারের বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে।





Leave a comment