Skip to content

কতিপয় যুবকদের আন্দোলনে টনক নড়ল পূর্ত বিভাগের! সোনাই–সোনাবাড়িঘাট সড়কে জল ছিটাল ঠিকাদার, ২৩ নভেম্বর থেকে সংস্কারের আশ্বাস

কতিপয় যুবকদের আন্দোলনে টনক নড়ল পূর্ত বিভাগের! সোনাই–সোনাবাড়িঘাট সড়কে জল ছিটাল ঠিকাদার, ২৩ নভেম্বর থেকে সংস্কারের আশ্বাস

সোনাই , ১৬ নভেম্বর: অবশেষে কয়েকজন যুবকের প্রতিবাদ ও সড়ক অবরোধের জেরে নড়েচড়ে বসল পূর্ত বিভাগ। দীর্ঘদিন ধরে ধুলাবালিতে অতিষ্ঠ যাত্রী ও সাধারণ মানুষের স্বস্তি দিতে সোনাই–সোনাবাড়িঘাট পূর্ত সড়কে জল ছিটানোর কাজ শুরু করেছে ঠিকাদারপক্ষ। রবিবার সন্ধ্যায় সড়কে জল ছিটানো হয়। পাশাপাশি আগামী ২৩ নভেম্বর থেকে সড়ক সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সড়কের বেহাল দশা এবং লাগামহীন ধুলাবালির প্রতিবাদে গতকাল সকাল ১০টা নাগাদ কয়েকজন যুবক অবস্থান ধর্মঘটে বসেন। পরে বেলা ১২টা নাগাদ তাঁরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে সোনাই পুলিশ পাঁচজনকে আটক করে।

পরবর্তীতে বেলা আড়াইটে নাগাদ পূর্ত বিভাগের এক জুনিয়র ইঞ্জিনিয়ার ও এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারকে সঙ্গে নিয়ে সোনাই থানায় পৌঁছান। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সড়কের কাজ শুরু করার আশ্বাস দেন তাঁরা। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য ছিল, ৭২ ঘণ্টার মধ্যে কাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এরপর কথা অনুযায়ী রবিবার সন্ধ্যায় সড়কে জল ছিটানোর উদ্যোগ নেওয়া হয়। এতে আপাতত ধুলাবালির দুর্ভোগ থেকে যাত্রী ও পথচারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। তবে শুধু জল ছিটিয়ে সাময়িক স্বস্তি নয়, দ্রুত স্থায়ী সংস্কারের কাজ শুরু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, সোনাই–ধলাই পূর্ত সংমণ্ডলের অধীনে বিগত দুই বছরে সংস্কার বা নির্মাণের কাজ হওয়া একাধিক রাস্তার বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অভিযোগ, বিভিন্ন সড়কে বড় বড় গর্ত তৈরি হয়ে কার্যত পুকুরের আকার ধারণ করেছে। এর ফলে প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

শুধু সোনাই–সোনাবাড়িঘাট সড়ক নয়, বিগত দুই বছরে পূর্ত বিভাগের অধীনে হওয়া একাধিক রাস্তার কাজের গুণমান ও স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন প্রতিবাদকারীরা। তাঁদের দাবি, সোনাই–ধলাই পূর্ত সংমণ্ডলের অধীনে সম্পন্ন হওয়া রাস্তার কাজগুলির বিষয়ে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হোক এবং নিম্নমানের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এখন দেখার বিষয়, আগামী ২৩ নভেম্বরের প্রতিশ্রুতি অনুযায়ী সত্যিই সংস্কারের কাজ শুরু হয় কি না। আপাতত যুবকদের আন্দোলনের পর সড়কে জল ছিটানো শুরু হলেও স্থায়ী সমাধানের অপেক্ষায় রয়েছেন সোনাই–সোনাবাড়িঘাট সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!