Skip to content

জাতীয় প্রেস দিবসে শিলচরে আলোচনা চক্র, ‘সাংবাদিকতা: জনতুষ্টি নাকি দায়িত্বশীলতা?’ শীর্ষক আলোচনায় উঠে এল সংবাদমাধ্যমের নৈতিকতার প্রসঙ্গ।

জাতীয় প্রেস দিবসে শিলচরে আলোচনা চক্র, ‘সাংবাদিকতা: জনতুষ্টি নাকি দায়িত্বশীলতা?’ শীর্ষক আলোচনায় উঠে এল সংবাদমাধ্যমের নৈতিকতার প্রসঙ্গ।

শিলচর, ১৬ নভেম্বর: জাতীয় প্রেস দিবস উপলক্ষে সোমবার কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, কাছাড় এবং তথ্য ও জনসংযোগ বিভাগের উপ-অধিকর্তার কার্যালয়, বরাক উপত্যকা অঞ্চলের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রের মূল বিষয় ছিল ‘সাংবাদিকতা: জনতুষ্টি নাকি দায়িত্বশীলতা?’

অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কাছাড়ের ভারপ্রাপ্ত জেলাশাসক তথা জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জাগৃতি কালওয়ার এবং শিলচরের জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) সাজ্জাদুল হক চৌধুরী।

আলোচনা চক্রে নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখেন বরিষ্ঠ সাংবাদিক উত্তম সাহা, আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপিকা ডঃ পারমিতা দাস এবং রবীন্দ্রসদন বালিকা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ হুসেন মোহাম্মদ বাজলুন নূর।

বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাইয়ের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতায় না নেমে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীলতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সামাজিক মাধ্যমের ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করে এগুলির দায়িত্বশীল ব্যবহারের উপর জোর দেওয়া হয়। সাংবাদিকদের কল্যাণ ও তাঁদের পেশাগত সুরক্ষার বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

অনুষ্ঠানে কাছাড় জেলার বিভিন্ন মুদ্রণ, বৈদ্যুতিন ও ডিজিটাল সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। সময়োপযোগী বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এই আলোচনা চক্রে বরাক উপত্যকার সংবাদমাধ্যম পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

সমাজকে নিয়মিত সংবাদ ও তথ্য সরবরাহের ক্ষেত্রে সাংবাদিকদের নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ উপস্থিত সাংবাদিকদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে ভারপ্রাপ্ত জেলাশাসক তথা জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায় সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের কঠোর পরিশ্রম এবং সময়-অসময়ে দায়িত্ব পালনের বাস্তবতার কথা স্বীকার করেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি সাংবাদিকদের নিজেদের স্বাস্থ্য ও সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানান। তাঁর কথায়, সুস্থতাই সাংবাদিকদের সবচেয়ে বড় সম্পদ।

জাতীয় প্রেস দিবসের এই আলোচনা চক্রে সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে জনপ্রিয়তার পরিবর্তে সত্যনিষ্ঠা, বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীলতার গুরুত্ব আরও একবার উঠে আসে।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!