ফের শিলচর–আইজল জাতীয় সড়কে দুর্ঘটনা, নতুন বাজারে দুই বাইকের সংঘর্ষে আহত ভাগাবাজারের ২ যুবক।

**কাবুগঞ্জ, ২৫ অক্টোবর:** ফের সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলচর–আইজল জাতীয় সড়কে। সোনাই থানা এলাকার নতুন বাজার সংলগ্ন সুমিত ধাবার কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুই বাইক আরোহী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, AS 11 AB 0547 নম্বরের বাইক এবং AS 11 AC 3084 নম্বরের ১৫০ সিসি পালসার বাইকের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ২ বাইক আরোহীকে অ্যাম্বুল্যান্সের মাধ্যমে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
আহত যুবকের নাম মারুফ তালুকদার (১৮)। তিনি খাসপুর, ভাগা বাজার এলাকার বাসিন্দা এবং তাঁর পিতার নাম নজরুল ইসলাম তালুকদার বলে জানা গিয়েছে। অন্যজনের নাম জানা যায় নি। অন্যদিকে, দুর্ঘটনার পর অপর এক বাইক আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তাঁর পরিচয় ও বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ দুর্ঘটনায় জড়িত বাইক দুটি নিজেদের হেফাজতে নিয়েছে। কী পরিস্থিতিতে এবং ঠিক কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
শিলচর–আইজল জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নতুন বাজার সংলগ্ন এলাকায় যান চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।








