শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, বরাকের উন্নয়ন নিয়ে রিভিউ মিটিং শ্রীকোণার অসম সচিবালয়।

শিলচর, ৩০ সেপ্টেম্বর: বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা ও আসন্ন শিলচর পৌরনিগম নির্বাচনকে কেন্দ্র করে বুধবার শিলচরে উপস্থিত হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শিলচরে পৌঁছেই তিনি সরাসরি শ্রীকোণাস্থিত অসম সচিবালয়, বরাক উপত্যকায় যান।

সচিবালয়ে মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি রিভিউ মিটিংয়ে অংশ নেন। বৈঠকে বরাকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি কাজের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা রয়েছে।

এছাড়াও সচিবালয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন মুখ্যমন্ত্রী। স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

এরপর বুধবার বিকেলে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির ‘বিজয় সংকল্প সমাবেশে’ অংশ নেবেন হিমন্ত বিশ্বশর্মা। সেখানে শিলচর পৌরনিগম নির্বাচনে বিজেপি ও মিত্রজোটের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন তিনি।









