Skip to content
The Barak Live 24

অবধ অসম এক্সপ্রেসে যাত্রীর ৩৯ হাজার টাকার মোবাইল চুরি, গুয়াহাটি স্টেশনে RPF-এর জালে যুবক।

অবধ অসম এক্সপ্রেসে যাত্রীর ৩৯ হাজার টাকার মোবাইল চুরি, গুয়াহাটি স্টেশনে RPF-এর জালে যুবক।

গুয়াহাটি, ২৭ নভেম্বর: যাত্রীদের সামগ্রী চুরির বিরুদ্ধে বিশেষ অভিযানে বড়সড় সাফল্য পেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। গুয়াহাটি রেলস্টেশনে অবধ অসম এক্সপ্রেসের ভিতর থেকে প্রায় ৩৯ হাজার টাকা মূল্যের চুরি যাওয়া মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে RPF। ধৃতের নাম রাজা শইকিয়া (২৬)। তাঁর বাড়ি যোরহাট জেলার নকাচারিতে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১২টা ৫ মিনিট থেকে গুয়াহাটি ও কামাখ্যা রেলস্টেশনে যাত্রীদের মালপত্র চুরির ঘটনা রুখতে বিশেষ অভিযান শুরু করে লামডিং ডিভিশনের CPDS ‘A’ টিম। অভিযান চলাকালীন ভোর প্রায় ৪টা ২০ মিনিটে গুয়াহাটি রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ১৫৯১০ নম্বর আপ অবধ অসম এক্সপ্রেসের ভিতরে এক যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে RPF কর্মীদের।

এরপর তাঁকে আটক করে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে একটি Vivo V30 5G মোবাইল ফোন উদ্ধার হয়। ফোনটির আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার টাকা। RPF-এর দাবি, জিজ্ঞাসাবাদে রাজা শইকিয়া স্বীকার করেন, ওই দিনই অবধ অসম এক্সপ্রেসে গুয়াহাটি স্টেশনে এক অজ্ঞাতপরিচয় যাত্রীর কাছ থেকে মোবাইলটি চুরি করেছিলেন তিনি।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সকাল প্রায় ৬টা ১৮ মিনিটে মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ধৃত যুবক ও উদ্ধার হওয়া মোবাইল ফোনটি গুয়াহাটি সরকারি রেলওয়ে পুলিশ (GRPS)-এর ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!