Skip to content
The Barak Live 24

মিজোরাম থেকে আসা ওয়াগনআর গাড়ির গোপন চেম্বারে ৬০ হাজার ইয়াবা, হাইলাকান্দিতে ধৃত পাথারকান্দির যুবক

মিজোরাম থেকে আসা ওয়াগনআর গাড়ির গোপন চেম্বারে ৬০ হাজার ইয়াবা, হাইলাকান্দিতে ধৃত পাথারকান্দির যুবক

হাইলাকান্দি, ২৭ নভেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। নির্দিষ্ট গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজোরাম থেকে আসা একটি ওয়াগনআর গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা।

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মঞ্জুর হুসেন (২৬) নামের এক যুবককে। তাঁর পিতার নাম নুরউদ্দিন। তিনি করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকার জাকিয়ালা, এরালিগুলের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে AS 01 EN 1875 নম্বরের ওয়াগনআর গাড়িটি আটক করা হয়। গাড়িটি মিজোরাম থেকে আসছিল। এরপর পুলিশ গাড়িতে তল্লাশি চালাতেই দুটি গোপন চেম্বারের সন্ধান পায়। সেখান থেকে ছয়টি প্যাকেটে রাখা মোট ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২.৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এই চালানের গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মিজোরাম থেকে বরাক উপত্যকায় মাদক পাচারের এই ঘটনায় ফের আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের গতিবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!