সোনাই পুরসভায় ওয়ার্ড সংখ্যা ১১ থেকে বেড়ে ১৩ করার প্রস্তাব, ৪২ দিনের মধ্যে জানাতে হবে দাবি-আপত্তি

সোনাই: সোনাই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশিত হতেই স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে আলোচনা। প্রস্তাবিত ডিলিমিটেশন অনুযায়ী, সোনাই পুরসভার বর্তমান ১১টি ওয়ার্ড বাড়িয়ে ১৩টি করার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে পুরনো ওয়ার্ডগুলির সীমানাতেও একাধিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছে অসম সরকারের আবাসন ও নগর বিষয়ক দপ্তর।
গত ২৩ নভেম্বর অসম গেজেটের বিশেষ সংখ্যায় এই ডিলিমিটেশনের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। খসড়া অনুযায়ী, নতুন ১২ নম্বর ওয়ার্ড গঠনের প্রস্তাব করা হয়েছে উত্তর মোহনপুর এবং কাপ্তানপুর ১৮ খণ্ডের কিছু অংশ নিয়ে। অন্যদিকে, তুলারগ্রাম দ্বিতীয় খণ্ডকে অন্তর্ভুক্ত করে গঠনের প্রস্তাব রয়েছে ১৩ নম্বর ওয়ার্ডের।
এছাড়া ১, ২, ৩, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে তুলারগ্রাম, মাজিরগ্রাম, মোহনপুর এবং কাপ্তানপুরের বিভিন্ন অংশ অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। ৮ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে রঙ্গিরঘাট প্রথম খণ্ড, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ধনীপুর এবং ১১ নম্বর ওয়ার্ডে তুন্দুরকান্দিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
তবে এই পুনর্বিন্যাস এখনও চূড়ান্ত নয়। খসড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের মধ্যে সোনাই পুরসভার যে কোনও বাসিন্দা কিংবা করদাতা লিখিতভাবে তাঁদের দাবি ও আপত্তি জানাতে পারবেন। আগামী ৪ জানুয়ারি ২০২৭-এর মধ্যে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপত্তি জমা দেওয়া যাবে।
প্রাপ্ত দাবি-আপত্তি পর্যালোচনা ও বিবেচনার পরই চূড়ান্ত ডিলিমিটেশন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি এবং সীমানা পুনর্বিন্যাসের এই প্রস্তাব ঘিরে স্বাভাবিকভাবেই সোনাইয়ের রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। নতুন ওয়ার্ড গঠনের ফলে আগামী দিনে পুরসভার নির্বাচনী সমীকরণ, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর সোনাইবাসীর।





Leave a comment